আইজিপির নির্দেশে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম জোরদার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএমের (বার) নির্দেশে দেশের সব পুলিশ ইউনিটে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চলছে। পুলিশের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। এর সঙ্গে মাইকিং ও লিফলেট বিতরণ করছেন।
পুলিশের এ উদ্যোগ জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছে।
দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে গত সোমবার বিকেলে আইজিপি সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্স করেন। তিনি ওই ভিডিও কনফারেন্সে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য সবাইকে নির্দেশ দেন।
ওই দিন আইজিপি বলেন, ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পুলিশ কম্পাউন্ড ও আশপাশের এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো পুলিশ সদস্য বা তাঁদের পরিবারের সদস্যরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এর পাশাপাশি জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে।
আইজিপি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডেঙ্গুবিরোধী লিফলেট প্রস্তুত করা হয়েছে। এসব লিফলেট সব পুলিশ ইউনিটে বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই সচেতন হলে নিজের আবাসস্থল ও চারপাশের পরিবেশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে পারবে না।’
আইজিপি বলেন, ‘আমরা সবাই মিলে একযোগে কাজ করলে ডেঙ্গুর ভয়াবহতা রোধেও আমরা সফল হব।’
আইজিপির নির্দেশে সব পুলিশ ইউনিটে ইতিমধ্যে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত পুলিশের এ বিশেষ প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।