ফু-ওয়াং ক্লাবে এবার র্যাবের অভিযান

রাজধানীর গুলশান লিংক রোডের ফু-ওয়াং ক্লাবে পুলিশের পর এবার র্যাব অভিযান চালিয়েছে। গতকাল বুধবার রাতভর ক্লাবটিতে র্যাব-১–এর একটি দল এই অভিযান চালায়। আজ বৃহস্পতিবার সকালে অভিযান শেষ হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
র্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ফু–ওয়াং ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়া গেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবটিতে অভিযান চালিয়ে যে সব মদ ও বিয়ার জব্দ করা হয়েছে, তা অনুমোদিত কি না, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
র্যাব জানায়, সাধারণত নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মদ আনার অনুমোদন থাকে। জব্দ করা মদ সেই তালিকায় আছে কি না, তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গত সোমবার বিকেলে একই ক্লাবে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেছিলেন, জুয়া, ক্যাসিনো বা অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু ফু-ওয়াং ক্লাবে পাননি। ক্লাবের বারের বৈধ কাগজপত্র আছে।
অবৈধ ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে গত কিছুদিন ধরে অভিযান চাচ্ছে র্যাব ও পুলিশ।