সিলেটে বিএসএফের গুলিতে তরুণ নিহত

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

সিলেটের কানাইঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সালমান আহমদ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি কানাইঘাটের সীমান্তবর্তী সোনারখেড় গ্রামের আবুল রহমানের ছেলে। গতকাল শুক্রবার রাতে ডোনা সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের গুলিতে সালমান আহমদ নিহত হন। তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গতকাল সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, সালমানসহ কয়েকজন কানাইঘাটের ডোনা সীমান্তের পাতিছড়া দিয়ে গত বৃহস্পতিবার ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফের গুলিতে ভারতের সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন সালমান। তাঁর সহযোগীরা তাঁর গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ডোনা ৯ নম্বর গ্রামের মুতাল্লিব মিয়ার বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে সালমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।