খামারে হামলা চালিয়ে ২০০ পাখি হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের আফানিয়াবাজার এলাকায় একটি কোয়েল পাখির খামারে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুই শতাধিক কোয়েল পাখি মেরে ফেলে এবং বেশ কিছু ডিম নষ্ট করে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে খামারের প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে।
খামারের উদ্যোক্তা আবুল কাশেম ওরফে সুমন প্রথম আলোকে বলেন, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ছয় মাস আগে ধারদেনা করে তিনি ৫০০ কোয়েল পাখির বাচ্চা কিনে গ্রামের বাড়ি মীরআলীপুরের আফানিয়া বাজারে একটি খামার গড়ে তোলেন। ইতিমধ্যে খামারের বেশির ভাগ কোয়েল পাখিই ডিম দিতে শুরু করেছে।
আবুল কাশেম জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি খামার থেকে বাড়িতে ঘুমাতে যান। এরপর গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে খামারে এসে দেখেন, খামারের বেড়া ভাঙা এবং ভেতরের মালামাল তছনছ করা। এ ছাড়া খামারের মেঝেতে দুই শতাধিক কোয়েল পাখি মৃত অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বাকি প্রায় তিন শ কোয়েল পাখির মধ্যে ৮০-৯০টি জীবিত আছে। আর অন্য পাখিগুলোর কোনো হদিস নেই।
উদ্যোক্তা আবুল কাশেম জানান, কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তিনিও বুঝে উঠতে পারছেন না। তবে খামারের শুরুতেই এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ধার শোধ করা নিয়ে তিনি বেশ চিন্তিত। সকালে ঘটনাটি দেখার পরই তিনি বেগমগঞ্জ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পরে বেলা একটার দিকে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সকালে ক্ষতিগ্রস্ত খামারির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু খামারি কারা ওই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে পুনরায় ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।