সড়ক দুর্ঘটনায় বিপুল টাকা খরচ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সালমান খানের বাড়ি। ৩৫ বছর বয়সী সালমান পেশায় দিনমজুর। ছয়জনের সংসার চলত তাঁরই আয়ে। এখন খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সালমান শুয়ে আছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল)।
সম্প্রতি হাসপাতালের তৃতীয় তলায় বি-ওয়ার্ডে গিয়ে কথা হয় সালমানের সঙ্গে। বললেন মোটরসাইকেল দুর্ঘটনার কথা। তিন মাস আগের ঘটনা। বিকেল চারটির দিকে রাস্তা পার হওয়ার সময় অতিদ্রুত আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। বাঁ পায়ের হাড় ভেঙে চামড়া ফুটো হয়ে বের হয়ে যায়। চিকিৎসাশাস্ত্রে একে বলে ‘ওপেন ফ্র্যাকচার’।
সালমান বলেন, ‘দিনে চার-পাঁচ শ টাকা আয় নেই। তিন মাস হইছে। আর কত দিন থাকতে হবে জানি না। বাড়ির মানুষ কোনো দিন খাইতে পারতেছে, কোনো দিন পারতেছে না।’ পাশেই ছিলেন স্ত্রী। দুজনে হিসাব করে বললেন, উপার্জন বন্ধ হওয়া ছাড়াও এ পর্যন্ত চিকিৎসা বাবদ প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। একটি গরু বিক্রি করতে হয়েছে।
প্রতিষ্ঠানের চিকিৎসক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, হাত-পা ভাঙা বা মেরুদণ্ডে আঘাত, নানা পরিস্থিতি নিয়ে আসে সড়ক দুর্ঘটনার মানুষ। আঘাতের ধরনের ওপর সেরে ওঠা নির্ভর করে। খরচও নির্ভর করে আঘাতের ধরনের ওপর। চিকিৎসায় প্রচুর খরচ করার পরও অনেকে মারা যায়। কাউকে চিকিৎসা ব্যয় বহু বছর ধরে চালিয়ে যেতে হয়।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিহেবিলিটেশন, বাংলাদেশ (সিআইপিআরবি) প্রায় দুই দশক ধরে সড়কসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করছে। সিআইপিআরবির পরিচালক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসা ব্যয় তো আছেই। দুর্ঘটনাজনিত ক্ষতি আরও অনেক বেশি। দরিদ্র মানুষকে বেশি মূল্য দিতে হয়। তাঁর উপার্জন কমে, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। ঋণ করতে হয়। সম্পত্তি বা সম্পদ বিক্রি করতে হয়।
>সড়ক দুর্ঘটনায় আহত হওয়া বিপুল-সংখ্যক মানুষের কথা আলোচনায় আসে না। সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি অনেক বেশি।
সালমানের মতো বহু মানুষ প্রতিদিন আহত হচ্ছে। তাদের একটি অংশ প্রতিবন্ধী হচ্ছে। একটি অংশ মারা যাচ্ছে। সারা বছরের সড়ক দুর্ঘটনায় এসব মানুষের বা তাদের পরিবারে বার্ষিক ক্ষতির পরিমাণ দেড় হাজার কোটি টাকার বেশি। বিশ্বের নামকরা চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির এই হিসাব দিয়েছেন। ১৬৬টি দেশের দুর্ঘটনাজনিত ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে তাঁরা এই হিসাব বের করেছেন। ২০১০ সালকে ভিত্তি ধরে তাঁরা হিসাবটি কষেছেন। তাঁরা ২০১৫ থেকে ২০৩০ সালের প্রাক্কলন দিয়ে বলেছেন, এই সময়ে সড়ক দুর্ঘটনাজনিত কারণে বাংলাদেশে ২২ হাজার কোটি টাকা খরচ হবে।
প্রতিষ্ঠান চারটি হচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের হাইডেলবার্গ ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, মোহেনহেইম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইকোনমিকস, অস্ট্রিয়ার ভিয়েন ইনস্টিটিউট অব ডেমোগ্রাফি এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। গবেষকেরা বলছেন, প্রতিবছর সারা বিশ্বে সড়ক দুর্ঘটনাজনিত ক্ষতি বৈশ্বিক জিডিপির দশমিক ১২ শতাংশ। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয় স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় বোঝা সড়ক দুর্ঘটনা। গবেষণা ফলাফল সম্প্রতি জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট-এ ছাপা হয়েছে।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা পরিস্থিতি
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বছরে প্রায় সাড়ে তিন লাখ মানুষ আহত হয়। দিনে আহত হয় নয় হাজারের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর ও সিআইপিআরবি যৌথভাবে ২০১৬ সালে এই জরিপ করেছিল। একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করার পর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ কর্মসূচি থেকে পাওয়া চূড়ান্ত বিস্তারিত প্রতিবেদনে ক্ষয়ক্ষতির মাত্রা অনুযায়ী, দুর্ঘটনাকে চার ভাগে ভাগ করা হয়েছে। সীমিত, অধিকতর, গুরুতর ও মারাত্মক। সড়ক দুর্ঘটনায় শেষের তিন ধরনের আঘাত বেশি হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সংশ্লিষ্ট গবেষক ও চিকিৎসকেরা বলছেন, আলোচনা, বিতর্ক বা আন্দোলন হয় মূলত সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার পর। কিন্তু যে বিপুলসংখ্যক মানুষ আহত হয় বা চিরদিনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়ে তা নিয়ে বিশেষ কোনো আলোচনা হতে শোনা যায় না।
প্রতিবেদন বলছে, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ে। এর মধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু। এই হিসাবে দেখা যায়, প্রতিদিন ২২০ জন মানুষ প্রতিবন্ধী হচ্ছে সড়ক দুর্ঘটনায়।
ব্যয় ও করণীয়
অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও ফজলুর রহমান দুজনই বলেছেন, সড়ক দুর্ঘটনার কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। কিন্তু খরচের ব্যাপারে কোনো আলোচনা শোনা যায় না।
গবেষকেরা বলেছেন, উন্নত দেশে দুর্ঘটনার পরপর উন্নত চিকিৎসার কারণে আহত ব্যক্তি তুলনামূলকভাবে দ্রুত সুস্থ হয়ে যায়। এতে খরচ ও ক্ষতি কম হয়। কিন্তু চিকিৎসায় দীর্ঘ সময় লাগে বলে চিকিৎসায় অনুন্নত দেশে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতি বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিকস ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, সামষ্টিক অর্থনৈতিক বিষয় নিয়ে করা এই গবেষণায় অনেক ক্ষতির বিষয়