ঢাকায় বাসচাপায় আহত ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকার সড়কে দায়িত্বরত অবস্থায় বাসের চাপায় আহত ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।
দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুন মিয়া নামে পুলিশের ওই সদস্য।
মামুনের সহকর্মী ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন শিকদার জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁরা রাজধানীর গাবতলীতে দায়িত্বরত ছিলেন। সেখানে একটি সিগন্যাল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন মামুন। সিগন্যালে একটি বাস থামানোর জন্য সংকেত দেন তিনি। কিন্তু সংকেত অমান্য করে তাঁকে চাপা দেন ওয়েলকাম পরিবহন নামের বাসের চালক। পরে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে সিগন্যালে থাকা একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।
সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, আহত অবস্থায় মামুনকে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান মামুন।
পুলিশ জানায়, একই ঘটনায় আহত পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়েলকাম পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসটির চালক ও সহকারী পলাতক বলে জানায় পুলিশ।