ঐক্য বজায় রাখবেন ও শক্ত থাকবেন: তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল রাজধানীর উত্তরখানে প্রচার চালান। ছবি: প্রথম আলো
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল রাজধানীর উত্তরখানে প্রচার চালান। ছবি: প্রথম আলো

দলের নেতা–কর্মী এবং ভোটারদের ঐক্য বজায় রাখতে ও শক্ত থাকতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল। তিনি বলেন, ‘আপনাদের সবার প্রতি আমার আহ্বান, আপনারা ঐক্য বজায় রাখবেন এবং শক্ত থাকবেন। মানসিক এবং শারীরিকভাবে। ৩০ জানুয়ারি আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।’

আজ শনিবার সকালে রাজধানীর উত্তরখানের ৫০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তাবিথ আউয়াল এসব কথা বলেন। এ সময় বিএনপিসমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী (ঘুড়ি প্রতীক) দেওয়ান মো. নাজিমুদ্দিনকে পরিচয় করিয়ে দেন তিনি।

মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘জনগণ অপেক্ষায় আছে। আমি বিশ্বাস করি, যে ভোট ৩০ ডিসেম্বর তাঁরা দিতে পারেননি, আগামী ৩০ জানুয়ারি ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে তাঁরা মতামত দেবেন এবং জবাব দেবেন।’

উত্তরখানবাসীকে তাঁদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, ‘উত্তরখানবাসী ঢাকা সিটি করপোরেশনের উন্নয়নের ছোঁয়া এখনো পাননি। কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকব।’ তিনি প্রশ্ন তোলেন, উন্নয়ন কি শুধু রেললাইনের পশ্চিম পাশেই (উত্তরার বিভিন্ন সেক্টর) থাকবে? নাকি পূর্ব পাশেও (সাবেক দক্ষিণখান ও উত্তরখান ইউনিয়ন) হবে?

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের ঢাকা উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, উত্তরা থানার সভাপতি সালাম সরকার প্রমুখ।

তাবিথ আউয়াল আজ উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে সকালে নির্বাচনী প্রচার শুরু করে উত্তরখানের দেওয়ানবাড়ি, চৈতি গার্মেন্টস এলাকা, মাজার রোড এবং ৪৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন।