জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় হুইপ আবু সাইদ আহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ ঘটনায় আহত হন তাঁর দেহরক্ষী সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেনও।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাজশাহীতে ব্যক্তিগত কাজ শেষে নওগাঁ হয়ে জয়পুরহাটে নিজ সংসদীয় এলাকায় ফিরছিলেন হুইপ আবু সাইদ। আজ দুপুরে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র হালিমুল আলমের জানাজায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। হুইপকে বহনকারী গাড়িটি রাজশাহী থেকে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে হুইপের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হুইপ ও তাঁর দেহরক্ষী গুরুতর আহত হন।

এ ঘটনার পর নওগাঁ জেলা প্রশাসক হারুন-উর-রশীদসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনায় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও তাঁর দেহরক্ষী আহত হয়েছেন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।