মাদক মামলায় আলাদা ট্রাইব্যুনাল হচ্ছে না

মাদকদ্রব্যসংক্রান্ত মামলা নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন দায়রা জজ, মহানগর দায়রা জজ তাঁর এখতিয়ারসম্পন্ন এলাকায় কেবল মাদকদ্রব্য অপরাধের বিচারের জন্য এক বা একাধিক আদালত নির্দিষ্ট করে দিতে পারবেন। এই বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০২০–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে, প্রয়োজনীয়সংখ্যক ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল। কিন্তু প্রশাসনিক কারণে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনাল করা যায়নি। এ জন্য এখন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নতুন সিদ্ধান্ত নিয়ে আইনটি সংশোধন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বলেন, বর্তমানে মাদকের মোট মামলা আছে ১ লাখ ৭৫ হাজারের বেশি।
সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০–এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়। গতকাল অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।