রেললাইন থেকে ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের রেললাইন থেকে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৫)। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি টাইলস ব্যবসায়ী ছিলেন। বানেশ্বর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ভোরে বেলপুকুর ইউনিয়নের রেলগেট এলাকায় মিজানুরের দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাথা থেকে তার শরীর আলাদা হয়ে গিয়েছিল। এ ঘটনায় রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।