কানাকড়িও পাননি বাসচাপায় পা হারানো কৃষ্ণা ও পঙ্গু আয়েশা

ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায় কিংবা বিকাশ পরিবহনের ধাক্কায় পঙ্গু হয়ে যাওয়া আয়েশা খাতুন ক্ষতিপূরণ হিসেবে কানাকড়িও পাননি। কিছু অগ্রগতি আছে ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষেত্রে। তাঁর ক্ষতিপূরণ পাওয়া নিয়ে করা রুলের শুনানি শেষ। আগামী ১৫ এপ্রিল রায়ের দিন ধার্য আছে। এর মধ্যে আদালতের নির্দেশে কিছু টাকাও পেয়েছেন তিনি।
বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্ঘটনাপ্রবণ দেশ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের তথ্য অনুযায়ী, শুধু গত বছর ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২২৭ জন নিহত ও ৬ হাজার ৯৫৩ জন আহত হন। এর মধ্যে রাজধানীর আলোচিত কয়েকটি সড়ক দুর্ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন বা ক্ষতিগ্রস্ত লোকজনের পক্ষ হয়ে রিট করার নজির আছে। আহত লোকজনের মধ্যে ২০১৮ সালের ৩ এপ্রিল বাসের চাপায় হাত ও পরে প্রাণ হারানো রাজীবের পরিবার এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি। একমাত্র ২০১৮ সালের ২৯ জুলাই কুর্মিটোলায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার মামলা ছাড়া কোনোটিরই উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায়। গত বছরের ২৭ আগস্ট বেলা আড়াইটার দিকে বাংলামোটর এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। ফার্মগেট থেকে আসা ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের চালক মোরশেদ তাঁর পায়ের ওপর বাস তুলে দিলে পা-টি হারান তিনি। গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তিনি কোনো ক্ষতিপূরণ পাননি।
কৃষ্ণার স্বামী রাধে শ্যাম চৌধুরী দুর্ঘটনার পর ট্রাস্ট পরিবহনের কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশের জবাব পাননি। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন। চলতি বছরের ৫ জানুয়ারি ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
>রাজধানীর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন বা ক্ষতিগ্রস্ত লোকজনের পক্ষে রিট করার নজির আছে।
কৃষ্ণা প্রথম আলোকে বলেন, গত মাসের প্রথম সপ্তাহে কৃত্রিম পা লাগিয়েছেন। ক্রাচে ভর দিয়ে তিনি অফিসে যান। ফিরে এসে কৃত্রিম পা খুলে রেখে ওয়াকারে হাঁটার চেষ্টা করেন। সাহায্যকারী ছাড়া এক মুহূর্তও চলে না এখন। হাইকোর্টে ক্ষতিপূরণের জন্য রিট করা ছাড়াও হাতিরঝিল থানায় স্বামী রাধে শ্যাম চৌধুরী মামলা করেছিলেন। রাধে শ্যাম জানান, মামলার অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে কি না, তা-ও জানেন না। পুলিশ তাঁকে কিছু জানায়নি।
২০১৮ সালের ৫ এপ্রিল প্রথম শ্রেণি পড়ুয়া সন্তানকে আজিমপুর থেকে রিকশায় স্কুলে দিতে যাচ্ছিলেন আয়েশা খাতুন। নিউমার্কেটের
সামনে বিকাশ পরিবহনের চাপায় তিনি গুরুতর আহত হন। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যায়। দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠান সিআরপিতে থেকে তিনি বাড়ি ফেরেন। তবে তিনি ফেরার আগেই বিকাশের দুই চালক জামিনে বেরিয়ে যান। ওই ঘটনায় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। তবে ওই রুলের নিষ্পত্তি হয়নি। বলার মতো অগ্রগতিও নেই বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ হাসান জুবায়ের। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, আদালত বিকাশ পরিবহনকে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের নির্দেশ দিয়েছিলেন। বিকাশ তখন সময় চেয়েছিল।