নড়াইলের নার্স করোনায় আক্রান্ত নন

নড়াইল সদর হাসপাতালের সেই জ্যেষ্ঠ নার্স করোনাভাইরাসে আক্রান্ত নন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওই নার্সের করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা করা হয়। সেখানে তাঁর ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। তিনি গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে রওনা দেন।
গতকাল শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে আক্রান্ত নড়াইল সদর হাসপাতালের ওই জ্যেষ্ঠ নার্সকে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুর শাকুর প্রথম আলোকে বলেন, ওই জ্যেষ্ঠ নার্স কয়েক দিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল।