শরীয়তপুরে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ইসমাইল চোকদার (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মোড়লকান্দি গ্রামে তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে ঠান্ডা ও জ্বরে আক্রান্ত ছিলেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান। তাঁরা আইইডিসিআরের নির্দেশ মোতাবেক বিশেষ ব্যবস্থাপনায় ওই ব্যক্তির লাশ দাফন করেছেন। ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পূর্ব নাওডোবা ইউনিয়নের মোড়লকান্দি গ্রামের বাসিন্দা ইসমাইল চোকদার এক সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা,পেটে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে শনিবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনেরা। চিকিৎসা শেষে স্বজনেরা শনিবারই তাঁকে বাড়ি নিয়ে যান। রোববার তাঁর অবস্থার অবনতি ঘটলে স্বজনেরা হাসপাতালের হটলাইন নম্বরে ফোন দিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। ইসমাইলকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরামর্শ দেওয়া হয়। তবে নিয়ে আসার আগেই তিনি সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়িতেই মারা যান।

খবর পেয়ে রাত আটটায় ওই গ্রামে যান স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীরা। তাঁরা বিশেষ ব্যবস্থায় লাশের দাফনের ব্যবস্থা করেন। দাফনের আগে নমুনা সংগ্রহ করা হয়। গতকাল ওই নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহমুদুল হাসান খান বলেন, ইসমাইলের করোনাভাইরাসের মতো কিছু উপসর্গ ছিল। তাই নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ নিয়মে দাফন করা হয়েছে। আর বাড়তি সতর্কতার জন্য ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ির সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য আজ সোমবার সকালে আইইডিসিআরে পাঠানো হয়েছে।