নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারি, ডিলারসহ গ্রেপ্তার ২

নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারির দায়ে ডিলারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
এই দুজন হলেন টিসিবির ডিলার নড়াইল পৌরসভার কুড়িগ্রামের পরিতোষ কুণ্ডু এবং ক্রেতা সদর উপজেলার নাকশি গ্রামের লিটন সিকদার।
পুলিশ জানায়, রমজানে ন্যায্য মূল্যে বিক্রির জন্য টিসিবির ডিলার পরিতোষ কুণ্ডু ২৪ বস্তা ছোলা এবং ১৮ বস্তা চিনি উত্তোলন করেন। সব মাল তিনি লিটন সিকদারের কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে সদর থানার পুলিশ দুজনকে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।