টেকনাফে সৈকত থেকে লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী সমুদ্রসৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি গত বুধবার রাতে মালয়েশিয়া যেতে ব্যর্থ হওয়া ট্রলারের যাত্রী হবে পারে। রাতে ওই ট্রলারের যাত্রীদের গলাপানিতে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ায় পানি থেকে উঠতে না পেরে মারা গেছেন। তিনি রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী বলেন, বুধবার রাতে বাহারছড়ার জাহাজপুরা ঘাট এলাকা দিয়ে যে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি উপকূলে ভিড়ানো হয়েছিল, ওই ব্যক্তি সেই ট্রলারের যাত্রী হতে পারে। গতকাল দুপুরের দিকে সৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা ব্যক্তি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া গয়। লাশটি দেখে স্থানীয় লোকজন শনাক্ত করতে পারেনি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, ‘সাগরে তাঁদের এলাকার কোনো নৌকা ও ট্রলারডুবির ঘটনা ঘটেনি। সুতরাং ভেসে আসা লাশটি আমার এলাকার কোনো বাসিন্দা নয়।’
এ বিষয়ে পরিদর্শক লিয়াকত আলী বলেন, পরিচয় শনাক্ত করা না গেলে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।