চাল চুরি: গ্রেপ্তার আ.লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

চাল চুরির মামলায় গ্রেপ্তার হওয়া রাজশাহীর আওয়ামী লীগ আলাল উদ্দিন ওরফে স্বপনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ করা হয়েছে। বাতিল হচ্ছে তাঁর খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপও।

আলাল উদ্দিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন।

গতকাল সোমবার গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আদর্শ, শৃঙ্খলা, তথা দলীয় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের পরিপন্থী এবং রাষ্ট্রীয় অনুদান আত্মসাতের মতো কর্মকাণ্ডে জড়িত থাকায় আলাল উদ্দিনকে দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। আলাল উদ্দিনের অপকর্মে আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হওয়ায় তাঁকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হলো।

আলাল উদ্দিন খাদ্যবান্ধব কর্মসূচির চালের পাকড়ি ইউনিয়নের পরিবেশক ছিলেন। গত শনিবার তাঁর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। করোনা পরিস্থিতিতে এই চাল কর্মহীন মানুষের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল। চাল উদ্ধারের সময় আলাল উদ্দিনকে আটক করা হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গত রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়।

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী আলাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর কাগজপত্র কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার জানিয়েছেন, এ ঘটনায় এমনিতেই আলাল উদ্দিনের ডিলারশিপ বাতিল হয়ে যাবে।