মা-বাবার পর চার বছরের মেয়ের করোনা পজিটিভ

মা–বাবা করোনা পজিটিভ নিয়ে ঢাকা থেকে পালিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন চার বছরে একমাত্র মেয়ে। তাঁদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। গত শুক্রবার রাজবাড়ি পুলিশ তাঁদের আটকের পরে কুষ্টিয়ার এক সাংসদের অনুরোধে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। তবে মেয়েটি সে সময় নেগেটিভ ছিল।

গতকাল মঙ্গলবার মেয়েটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর রাত সাড়ে সাতটায় ফলাফল পজিটিভ পাওয়া যায়। তবে তাঁরা তিনজনই সুস্থ আছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গতকাল কুষ্টিয়া পিসিআর ল্যাবে দুজন পজিটিভ পাওয়া যায়। এর একজন হলো জেনারেল হাসপাতালের আইসোলেশনে অবস্থানরত দম্পতির সঙ্গে থাকা তাঁদের সন্তান। অপরজন মিরপুরের একজন নারী।

আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বরত এক চিকিৎসক জানান, তিনজনই সুস্থ আছেন। মা–বাবার আজ বুধবার নমুনা পরীক্ষা করানো হবে। তাঁদের নেগেটিভ পাওয়া গেলে মেয়েকে তাদের সঙ্গে বাড়িতে আইসোলেশনে পাঠানো হবে।

এর আগে ঢাকায় নমুনা দিয়ে পজিটিভ জানার পর ওই দম্পতি পালিয়ে আসেন। তবে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অবস্থান জেনে যায়। রাজবাড়ী জেলা থেকে তাঁদের আটক করে পুলিশ। ওই দম্পতি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাড়িতে থাকত।