ময়মনসিংহে বাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিল তাঁর করোনা শনাক্ত হয়েছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা যান। ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মশিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ময়মনসিংহ জেলায় ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন এবিএম মশিউল আলম জানান, গত ১৯ এপ্রিল ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। এরপর থেকে তিনি উপজেলার মানকোন ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। এ ছাড়াও তিনি ডায়াবেটিস, কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খুবই করুন ছিল। তাই পরিবারের অনুরোধে তাকে হাসপাতালে আনা হয়নি।