করোনায় মারা যাওয়া এসআইয়ের দাফন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের পাশে শাকপালা এলাকায় তাঁর লাশ দাফন হয়।

এর আগে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশ মোতাবেক সীমিত মুসল্লি নিয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান, শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন অংশ নেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ১১ মে ডিএমপির এসআই মজিবুর রহমান তালুকদারের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওইদিনই তাঁকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। গতকাল সোমবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। পরে আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক তাঁর লাশ বগুড়ায় আনা হয় ও দাফন করা হয়।

পুলিশ জানায়, এসআই মজিবুর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁর পরিবার বগুড়া শহরে থাকে।