রাউজানের সাংসদের অন্য রকম উদ্যোগ

চট্টগ্রামের রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রামের রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাসের সংক্রমণ বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এই কাজের ব্যয়ভারও বহন করবেন তিনি। তাঁর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা সদরে স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন সাংসদ ও রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী।

প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে কার্যক্রমটি চলবে। এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি সংবাদ সম্মেলনে সাংসদের পক্ষে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকে এই সেবা শুরু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা প্রাদুর্ভাবের কারণে রোগীদের পরিবহনসংকট প্রকট হয়েছে। অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। এ জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছেন তাঁরা। রাউজানবাসী বিনা টাকায় এই সেবা নিতে পারবেন। আরও জানানো হয়, এরই মধ্যে রাউজানে করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়া মুসলিমদের দাফনের জন্য ৩০ জন এবং হিন্দুদের সৎকারের জন্য ১০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছেন। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।