শেরপুরে আ. লীগ নেতাসহ ৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

শেরপুরে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতাসহ ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরের ৫ জন এবং নালিতাবাড়ী উপজেলার ৩ জন আছেন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৬৮ জন। সুস্থ হয়েছেন ৮৪ জন। আর দুজনের মৃত্যু হয়েছে।


জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ গতকাল শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে কোভিড–১৯ রোগী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদের স্ত্রী, জেলা প্রশাসকের কার্যালয়ের এক নারী অফিস সহকারীর স্বামী এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য আছেন। ওই পরিসংখ্যানবিদ ও নারী অফিস সহকারীর করোনাভাইরাস শনাক্তের পর তাঁদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।


সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন এবং নালিতাবাড়ীর ইউএইচএফপিও রেহমা সারওয়ার সালাম গতকাল রাতে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

®সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুজন নারীর করোনা পজেটিভ শনাক্ত হয়। প্রায় আড়াই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৭৬ জন, নকলায় ৩১ জন, নালিতাবাড়ীতে ২৬ জন, ঝিনাইগাতীতে ২২ জন ও শ্রীবরদী উপজেলায় ১৩ জন আছেন। শনাক্তদের মধ্যে আটজন চিকিৎসকসহ ৩৭ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাস্থ্যবিধি না মানায় এবং আক্রান্তের সংস্পর্শে এসে নতুন সংক্রমণের ঘটনা ঘটছে। তিনি সবাইকে সচেতন হওয়ার এবং মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেন।