নমুনা দেওয়ার ১৩ দিন পর জানলেন করোনা পজেটিভ

দিনাজপুরের পার্বতীপুরে নমুনা দেওয়ার ১৩ দিন পর রেল কর্মকর্তা জানতে পারলেন তিনি করোনা পজেটিভ। পার্বতীপুর রেলস্টেশনের সিগনাল বিভাগে কর্মরত আরিফ হোসেন (৩১) করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৩ দিন পর গতকাল শুক্রবার রাতে ওই পরীক্ষার ফল জানতে পারেন তিনি।
ফল পাওয়ার আগ পর্যন্ত আরিফ হোসেন কর্মস্থলে গেছেন। হাটবাজারেও গেছেন। এ বিষয়ে তিনি বলেন, 'নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় ভেবেছিলাম, আমি করোনা নেগেটিভ আছি।'
নমুনা পরীক্ষার ফল পেতে দেরির বিষয়ে গতকাল রাতে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহের মাফী বলেন, 'আমরা নমুনা সংগ্রহ করে পাঠাই। রিপোর্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ওই রোগীকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।' তিনি জানান, গতকাল পর্যন্ত এ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৬ জন। দুজনের মৃত্যু হয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।