সাতক্ষীরা মেডিকেলে কোভিডের উপসর্গে মারা গেলেন দুজন

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কোভিডের উপসর্গ নিয়ে সাড়ে চার ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে চারটা থেকে সকাল নয়টার মধ্যে মারা যান তাঁরা।

মারা যাওয়া দুজনের একজন (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার এবং অন্যজন (৯০) সাতক্ষীরা শহরের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মণ্ডল জানান, কোভিডের উপসর্গ নিয়ে ওই বৃদ্ধকে তাঁর স্বজনরা বুধবার হাসপাতালে নিয়ে আসেন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। গতকাল কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। আজ সকাল নয়টায় তাঁর মৃত্যু হয়।

চিকিৎসক মানস মণ্ডল আরও জানান, অপর ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে আসেন। তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। বুধবার কোভিড-১৯ পরীক্ষার জন্য তাঁর নমুনা নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা ইউনিটে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

চিকিৎসক আরও জানান, দুজনের কারও কোভিডের পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। কোভিডের উপসর্গ থাকায় দুজনের মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে স্বজনদের বলা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, মৃত ব্যক্তিদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হবে।