ধরমপাশায় সুস্থতার হার ৯২ শতাংশ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত ২৫ জনের মধ্যে ২৩ জনই সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্যের সত্যতা মিলেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৪ এপ্রিল থেকে উপজেলায় কোভিড ১৯ নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) গোলাম আসকার ও যক্ষ্মা কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী (টিএলসিএ) এস এম ইসতিয়াক মিলে নমুনা সংগ্রহ করে আসছেন। গত শুক্রবার পর্যন্ত তাঁরা ৪১২ জনের নমুনা সংগ্রহ করেছেন। প্রথম রোগী শনাক্ত হয় ২৮ এপ্রিল।
নমুনা সংগ্রহকারী গোলাম আসকার ও এস এম ইসতিয়াক দুজনই পাঁচবার করে নিজেদের নমুনা পরীক্ষা করিয়েছেন। প্রতিবারই তাঁদের ফলাফল নেগেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, গত শুক্রবার সকালে কোভিডে আক্রান্ত চারজনসহ মোট সাতজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে গতকাল শনিবার রাতে জানানো হয়েছে, এই সাতজনের ফলাফলই নেগেটিভ। এ পর্যন্ত উপজেলায় শনাক্ত রোগীর সংখ্যা ২৫ জন। তাঁদের মধ্যে ২৩ জনই সুস্থ হয়েছেন। বিষয়টি ইউএনও ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, তাঁর কার্যালয়ের দুজন সি.এ কাম ইউডিএ ও একজন অফিস সহকারী করোনায় সংক্রমিত হয়েছিলেন। ফলে বিকল্প পদ্ধতিতে এত দিন দাপ্তরিক কার্যক্রম চলে আসছিল। তিনজনই সুস্থ হয়েছেন। তাই এখন থেকে স্বাভাবিকভাবে দাপ্তরিক কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে সবাই চলাচল করেন, সে জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।