কুমিল্লা কোভিড হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেলেন দুই নারী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে করোনা রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিডের উপসর্গ নিয়ে দুজন রোগী মারা গেছেন। দুজনই নারী। তাঁরা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩ জুন থেকে হাসপাতালটি চালু হওয়ার পর থেকে এ নিয়ে ৪৮ দিনে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে মারা গেছেন ২৪১ জন। দৈনিক গড়ে মারা গেছেন পাঁচজনের বেশি লোক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে মারা যাওয়া একজন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁর বয়স ৬৫ বছর। অপরজন মুরাদনগর উপজেলার বাসিন্দা, বয়স ৬০ বছর।
হাসপাতালের সহকারী সার্জন ও তথ্য কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমানে এ হাসপাতালে রোগী ভর্তি ১০৭ জন। এর মধ্যে পুরুষ ৭৮ জন ও নারী ২৯ জন। আইসিইউতে ভর্তি আছেন ১২ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ১৮ জন।