সুনামগঞ্জে বন্যায় ৮৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের ১১টি উপজেলার ৭৫টি ইউনিয়নের প্রায় ৮৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৭ হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে প্রায় এক হাজার পুকুরের মাছ। গত ৩০ আগস্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১১ উপজেলায় বন্যায় ১৬ হাজার ৩৮৯ হেক্টর জমির রোপা আমন ও বীজতলা তলিয়ে যায়। এ ছাড়া ২২০ হেক্টর জমির সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দোয়ারাবাজার উপজেলায় রোপা আমনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দোয়ারাবাজারে তিন হাজার ২৭০ হেক্টর জমির রোপা আমন এবং ১১৪ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগড়ি গ্রামের কৃষক আকবর আলী বলেন, ‘গতবার বন্যা না হওয়ার এবার একটু আগেই আমন লাগিয়েছিলাম। কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেছে। এখন আবার চারা পাব কই এই চিন্তায় আছি।’ আবদুল্লাহপুর গ্রামের কৃষক সৈয়দ তৈয়ব আলী জানান, তিন একর জমিতে আমন লাগিয়েছিলেন তিনি। একই সঙ্গে ধান এবং বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন চারার জন্য বিভিন্ন এলাকায় খোঁজ করছেন। চারা না পাওয়া গেলে জমি পতিত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ জানান, এক হাজার পুকুরে প্রায় ৪০০ টন মাছ ছিল। মাছচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাসেম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকদের সংখ্যা উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। একই সঙ্গে কৃষকদের জন্য সহায়তা চাওয়া হয়েছে। তবে এই সহায়তা এই মুহূর্তে না পাওয়া গেলেও বোরো মৌসুমে কৃষকেরা পাবেন বলে আশা করছি।’