১৮০ সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাতে নিউইয়র্ক যাচ্ছেন। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর এ অধিবেশনে যোগদানকে সরকার আন্তর্জাতিক পরিসরে ‘ভাবমূর্তি সুসংহত’ করার উপায় হিসেবে দেখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিলিয়ে নয়জনসহ প্রায় ১৮০ জন সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী আজ রাত সাড়ে নয়টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্ক যাবেন। ১০০ জনের সরকারি প্রতিনিধিদলে আছেন সরকারি কর্মকর্তা, সাংসদ, বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী। অন্যরা ব্যবসায়ী প্রতিনিধি। প্রধানমন্ত্রীর যেকোনো সফরের তুলনায় সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় দল। গত বছর ১৪০ জন সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন।
অবশ্য গত বুধবার এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সরকারি প্রতিনিধিদলের সদস্য ৫০ জনের মতো হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের বিতর্কের প্রতিপাদ্য ‘ডেলিভারিং অন অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ট্রান্সফরমেটিভ পোস্ট-২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা’। চলমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার বিষয়গুলো এবং অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি যাচাই—এ বিষয়গুলো বিবেচনায় এবারের অধিবেশন আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে এবং পরদিন বৈশ্বিক শিক্ষাবিষয়ক বৈঠকে বক্তব্য দেবেন। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত শান্তিরক্ষাবিষয়ক সম্মেলনে তিনি যৌথ সভাপতির দায়িত্ব পালন করবেন। একই দিনে তিনি জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেবেন। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এ অনুষ্ঠানের আয়োজন করছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, চিলি, কাতার, বেলারুশসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। অন্যবারের মতো এবারও জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি তিনি ইউএস চেম্বারস ও ইউএস বিজনেস কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন।