আজ জামায়াতের, কাল বিএনপি জোটের হরতাল
আজ রোববার জামায়াতে ইসলামী এবং কাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সারা দেশে হরতাল ডেকেছে। এর ফলে আজ ভোর ছয়টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের কবলে পড়ল দেশ।
এর মধ্যে বিএনপি জোট সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে। আর জামায়াত আজ ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি দিয়েছে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে। আপিল বিভাগে সাঈদীর রায়ের প্রতিবাদে গত বুধবার দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এর মধ্যে প্রথম দফার ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ছিল গত বৃহস্পতিবার।
গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২০-দলীয় জোটের হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ জানুয়ারির ‘নির্বাচন প্রতিহতের’ আন্দোলনের পর বিএনপি বা ২০-দলীয় জোট এ প্রথম হরতাল কর্মসূচি দিল।
আগামী সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এদিন খালেদা জিয়াকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ রয়েছে। খালেদা জিয়ার হাজিরা পেছাতে এই দিন বিএনপি-জোট হরতাল ডেকেছে বলেও আলোচনা আছে।
অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এই হরতালের সঙ্গে খালেদা জিয়ার আদালতে হাজিরার কোনো সম্পর্ক নেই। আদালতে হাজিরার দিন ধার্য থাকায় বিএনপির চেয়ারপারসনের ২২ সেপ্টেম্বরের ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশের তারিখও পেছানো হয়েছে। তিনি বলেন, এ হরতাল বিএনপির নয়, জোটের কর্মসূচি।
হরতালের আওতামুক্ত: হজযাত্রীদের বহনকারী গাড়ি, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও লাশ বহনকারী গাড়ি, রেস্তোরাঁ এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে জানান।
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা আ.লীগের: সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, এই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ, অভিশংসন ক্ষমতা এমন একটি সংসদের কাছে অর্পণ করা হলো, যা জনগণের ভোটে নির্বাচিত নয়। তিনি বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে বিচারব্যবস্থা একটি দলের, আওয়ামী লীগের অধীনে চলে গেল। বিচারপতিদের অভিশংসন ক্ষমতা এখন থেকে আওয়ামী লীগের।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সংশোধনীর ফলে বিচারপতিদের ওপর যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে, তাতে জনগণের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সব সময়ই থাকবে। তিনি বলেন, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক নেতাদের কেউই এই সংশোধনীকে সমর্থন করেননি। সবাই মনে করেন, আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনকে পাকাপোক্ত করা এবং একনায়কতন্ত্রকে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার জন্যই ষোড়শ সংশোধনী পাস করিয়েছে।