‘পুলিশের কাজ হলো জনগণকে নিরাপত্তা দেওয়া। পুলিশের নিয়োগদাতা জনগণ। কিন্তু পুলিশের কাজে আমরা বেশির ভাগ ক্ষেত্রে উল্টোটা দেখছি।’
সভা-সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাইনা কিয়াই গতকাল সোমবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনের মিলনায়তনে ‘সমাবেশ ও সংঘবদ্ধ হওয়ার অধিকার: চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক এ সভা যৌথভাবে আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র এবং ফোরাম এশিয়া। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
নির্ধারিত বক্তব্যে মাইনা বলেন, ‘যেকোনো সমাবেশে দু-একজন সহিংস হয়ে উঠলেই পুরো সমাবেশকে সহিংস বলা যাবে না। তাদের হটিয়ে দেওয়া যাবে না। পুলিশ তোমাকে পছন্দ নাও করতে পারে। কিন্তু তোমাকে (জনগণ) রক্ষা করা পুলিশের দায়িত্ব। ব্রিটিশরা খুব চালাক। তাই তাদের শাসন করে যাওয়া অঞ্চলগুলোতে আমরা এ ঘটনার উল্টোটা দেখি। পুলিশ সব সময় সরকারকে বা কর্তৃপক্ষকে রক্ষা করতে সচেষ্ট থাকে। কিন্তু এটা ঠিক নয়। আর একটি বিষয় হলো সহিংসতা সব সময় সহিংসতাকেই ডেকে আনে, এ বিষয়টি মনে রাখতে হবে।’
একপর্যায়ে বিশেষ দূত দর্শকদের কাছে জানতে চান, ‘বাংলাদেশে সরকার-সমর্থকদের কতগুলো সমাবেশ বানচাল করে দিয়েছে পুলিশ? এ রকম একটি উদাহরণ কি আপনাদের কাছে রয়েছে?’ মিলনায়তন ভরা মানুষ একযোগে মাথা নাড়িয়ে জবাব দেন—না, এমন উদাহরণ কারও কাছে নেই। তার পরে মাইনা জানতে চাইলেন, ‘আর সরকারবিরোধীদের কত সমাবেশ পুলিশ বানচাল করেছে বলে আপনারা জানেন?’ সঙ্গে সঙ্গে সবাই বলেন, অনেক, শত শত।
প্রশ্ন উত্তর পর্বে এক প্রশ্নের জবাবে মাইনা বলেন, ‘আমি শুনেছি এখানকার সম্প্রচার নীতিমালা নিয়ে উদ্বেগের কথা। স্বাধীন গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সমাবেশের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হলে সমাবেশের স্বাধীনতা অনেক সময় ফল বয়ে আনতে ব্যর্থ হয়।’ ৫ জানুয়ারির নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুব বেশি জানি না। এখনই কোনো মন্তব্য করা ঠিক না।’
কেনিয়ার আইনজীবী ও মানবাধিকারকর্মী মাইনা কিয়াই তাঁর একাডেমিক সফরে বাংলাদেশে অবস্থান করছেন বলে সভার আয়োজকেরা জানিয়েছেন।