পুরো উৎপাদনে নেই ১৫ হাজার কারখানা

শিল্প খাতের উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। দেশের এক-তৃতীয়াংশেরও বেশি শিল্পকারখানা সক্ষমতার অর্ধেকও উৎপাদন করতে পারছে না। সাময়িকভাবে জনবল ছাঁটাই কিংবা বসিয়ে রাখতে হচ্ছে। যন্ত্রপাতিও সচল রাখা যাচ্ছে না। তার পরও দেশে বছরে গড়ে দেড় হাজার নতুন শিল্পকারখানা হচ্ছে।
বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। ২০১০-১১ অর্থবছর পর্যন্ত উৎপাদন খাতের তথ্য ব্যবহার করে সম্প্রতি বিবিএস আট হাজার ৪০০ প্রতিষ্ঠানের তথ্য নিয়ে সমীক্ষাটি সম্পন্ন করেছে। প্রতি পাঁচ বছর পর পর এই সমীক্ষা করা হয়।
বিবিএসের সমীক্ষায় দেখা গেছে, সারা দেশে ৪২ হাজার ৫৯২টি কারখানা রয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৯০৬টি শিল্পকারখানা সক্ষমতার ২৫ থেকে ৫০ শতাংশ উৎপাদন করতে পারছে না। আর সক্ষমতার ৫০ থেকে ৭৫ শতাংশ উৎপাদন করে না এক হাজার ৬৯১টি কারখানা। এর বাইরে ২৫ হাজার ১২১টি কারখানা সক্ষমতার ৭৫ থেকে শতভাগ পর্যন্ত উৎপাদন করতে পারে। আর মাত্র দুই হাজার ৭৫টি কারখানা সক্ষমতার তুলনায় বেশি উৎপাদন করছে।
তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও এনভয় গ্রুপের কর্ণধার কুতুবউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিরতা, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি সংকটে উৎপাদনব্যবস্থা বিঘ্নিত হয়। এই সমস্যাটি অনেক দিনের।
তবে বিবিএসের এই সমীক্ষার সঙ্গে পুরোপুরি একমত নন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত। তাঁর মতে, কাঙ্ক্ষিত বিনিয়োগ না হলেও মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ভালো হচ্ছে। উৎপাদন সক্ষমতার কারণেই উৎপাদন খাতের প্রবৃদ্ধিও দুই অঙ্কের ঘরে রয়েছে। শিল্প খাতের দুই-তৃতীয়াংশ উৎপাদন সক্ষমতা ব্যবহৃত হচ্ছে বলে তিনি মনে করেন।
হাজার হাজার কারখানা কেন পুরো উৎপাদন সক্ষমতা ব্যবহার করতে পারছে না—এমন প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, শিল্প খাতের সমীক্ষায় ১০ জনের বেশি কর্মী রয়েছেন এমন কারখানাকে বিবেচনায় আনে বিবিএস। এ জন্য দেশের মোট কারখানার সংখ্যা অনেক বেড়ে গেছে। আর ছোট ছোট কারখানার মালিকেরা বিদ্যুৎ, জ্বালানি-সংকট, পণ্যের চাহিদা না থাকা, দক্ষ কর্মীর সংকট, রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন কারণে সাময়িক বন্ধ রাখেন বা উৎপাদনের গতি কমিয়ে দেন। তিনি আরও বলেন, শিল্প খাতে প্রচুর বিনিয়োগ হলে উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা তৈরি হয়। তখন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যায় না। কিন্তু বাস্তবে বিনিয়োগ তেমন বাড়েনি। তাই প্রকৃত উৎপাদন খাত বলতে শ্রমঘন মাঝারি ও বৃহৎ শিল্পকেই বিবেচনায় আনা উচিত।
উৎপাদন খাতের ওপর বিবিএসের আগের সমীক্ষা পর্যালোচনা করলে দেখা যায়, ২০০১ থেকে ২০১০—এই দশকেই দেশের শিল্পায়ন বেশি হয়েছে। এই সময়ে প্রায় ১৫ হাজার নতুন শিল্পকারখানা হয়েছে, যা মোট শিল্পের এক-তৃতীয়াংশ। এ দশকে ২৫ লাখ কর্মসংস্থান হয়েছে, যা এ খাতের শ্রমশক্তিকে দ্বিগুণ করেছে। শুল্কস্তর নামিয়ে আনায় নব্বইয়ের দশকে শিল্পায়নের গতি ছিল নেতিবাচক। বিশেষ করে ওই দশকে অসংখ্য ছোট শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
চলতি শতাব্দীর প্রথম দশকেই শিল্প খাতের বার্ষিক উৎপাদনের পরিমাণ বেড়েছে (গ্রস আউটপুট) পাঁচ গুণের বেশি। দশকের শুরুতে বছরে ৯০ হাজার ১৯৩ কোটি টাকার পণ্য উৎপাদন করত শিল্প খাত। নতুন সমীক্ষায় দেখা গেছে, এখন শিল্প খাত বার্ষিক পাঁচ লাখ ৩৯ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন করছে। একই সময়ে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের অবদানও পাঁচ গুণের বেশি বেড়েছে। এখন শিল্প খাত বছরে গড়ে এক লাখ ৫৬ হাজার কোটি টাকার মূল্য সংযোজন করছে।
সমীক্ষার প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এই সমীক্ষার মাধ্যমে দেশের শিল্প খাতের চিত্রটি তুলে ধরা হয়েছে। বিশেষ করে জিডিপিতে উৎপাদন খাতের ভূমিকা কী, কর্মসংস্থান কেমন হচ্ছে—সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষাটি নীতিনির্ধারকদের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।
৯৯% শিল্পই ব্যক্তি মালিকানায়: সারা দেশে বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৪২ হাজার ২৩১, যা মোট প্রতিষ্ঠানসমূহের ৯৮ দশমিক ৬৮ শতাংশ। সম্পূর্ণ সরকারি মালিকানায় আছে মাত্র ১০৩টি কারখানা। এ ছাড়া বিদেশি ২৬৩টি, দেশি-বিদেশি বিনিয়োগে ২৬৩টি এবং সরকারি ও বেসরকারি বিনিয়োগে ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে।
সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে উৎপাদন খাতের প্রধান চালিকা হলো বস্ত্র ও খাদ্য খাত। দেশে যত শিল্পকারখানা রয়েছে, এর প্রায় দুই-তৃতীয়াংশই এ দুটি খাতে। উৎপাদন খাতের ৪২ শতাংশ কারখানাই শুধু বস্ত্র খাতের। বস্ত্র খাতে ১৭ হাজার ৯৬৭টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানা রয়েছে ছয় হাজার ৯৮৪টি। আর বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন কারখানা রয়েছে আট হাজার ৪৪১টি।
বিবিএসের হিসাবে, ১০ বছরে প্রায় ১৪ হাজার ৮২১টি নতুন শিল্পকারখানা হয়েছে। গড়ে প্রতিবছর দেড় হাজার ছোট-বড় নতুন কারখানা হয়েছে। ২০০১-০২ অর্থবছরে দেশে ২৭ হাজার ৯৭১টি কারখানা ছিল। স্বাধীনতার পরের চার দশকে যত শিল্পকারখানা হয়েছে, এর মধ্যে সর্বশেষ দশকে (২০০১-২০১০) এক-তৃতীয়াংশ কারখানা হয়েছে।
শিল্পশ্রমিক ৫০ লাখ: শিল্প খাতে ২০০০ সাল পর্যন্ত যত কর্মসংস্থান হয়েছে, এর পরের দশ বছরে (২০০১-২০১০) শিল্পশ্রমিক দ্বিগুণ হয়েছে। এই সময়ে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ২০০১-০২ অর্থবছরে কলকারখানায় ২৪ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন শ্রমিক কাজ করতেন। এখন এই খাতে ৫০ লাখ ১৫ হাজার ৯৩৬ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে পুরুষ ৩০ লাখ আর নারী ২০ লাখ।
সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন তৈরি পোশাক খাতে। ছয় হাজার ৯৮৪টি কারখানায় ২৭ লাখ ৬২ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যা ১৫ লাখ। এর পরের স্থানে রয়েছে বস্ত্র খাত। এ খাতে আট লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তৃতীয় স্থানে থাকা খাদ্য উৎপাদন খাতে দুই লাখ ৮০ হাজার শ্রমিক কাজ করেন।
বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পোশাক খাতে উৎপাদন সক্ষমতা ব্যবহারের তুলনায় প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনামের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এ দেশে পোশাক খাতে ৫৫-৬০ শতাংশের বেশি উৎপাদন সক্ষমতা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ খাতে ব্যবস্থাপনায় দক্ষতার অভাব রয়েছে। আবার উৎপাদন প্রকৌশলে দক্ষতা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।
শিল্পকারখানা
দেশের এক–তৃতীয়াংশ শিল্পকারখানা সক্ষমতার ২৫%–৫০% উৎপাদন করতে পারছে না
দেশে মোট শিল্পকারখানা ৪২,৫৯২
ব্যক্তিমালিকানায় শিল্প রয়েছে ৯৯%
দেশে মোট শ্রমিকের সংখ্যা ৫০ লাখ
তৈরি পোশাক খাতের প্রায় সাত হাজার কারখানায় ২৭ লাখ ৬২ হাজার শ্রমিকের মধ্যে নারী ১৫ লাখ
সূত্র: বিবিএস