মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছেন বীরাঙ্গনারা
১৯৭১ সালে যাঁদের বয়স ১৫ বছরের নিচে ছিল, তাঁরা মুক্তিযোদ্ধা নন—এমন বিধান রেখে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা করা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, ১৯৭১ সালে ১৫ বছরের কম বয়সী কেউ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন করতে পারবেন না।
নতুন সংজ্ঞায় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীদের হাতে নির্যাতিত নারীদের (বীরাঙ্গনা) মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
রাজধানীর মগবাজারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কার্যালয়ে গতকাল সোমবার জামুকার ২৫তম সভায় এসব সিদ্ধান্ত হয়। নতুন সংজ্ঞার আলোকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার জন্য ৩১ অক্টোবরের মধ্যে জামুকার ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ যাঁদের বয়স কমপক্ষে ১৫ ছিল, তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন করতে পারবেন।
নতুন সংজ্ঞা অনুযায়ী লাল মুক্তিবার্তা, ভারতের তালিকা (বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের), প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদধারী, প্রশিক্ষণের জন্য বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতে গিয়ে নাম অন্তর্ভুক্তকারীরা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। স্বাধীনতার পক্ষে জনমত গঠন করা পেশাজীবী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, স্বাধীনতার পক্ষে ভূমিকা গ্রহণকারী সাংবাদিকেরা মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হতে পারবেন। আহত মুক্তিযোদ্ধাদের শুশ্রূষাকারী চিকিৎসক, নার্স ও তাঁদের সহকারীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সশস্ত্র বাহিনী, পুলিশ, ইপিআর ও আনসার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা বিবেচিত হবেন।
মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, এমএলএ ও এমপিএরা, অস্থায়ী সরকারের অধীনে স্থাপিত অফিসগুলোর দাপ্তরিক কাজে নিয়োজিত ব্যক্তিরাও নতুন সংজ্ঞার আলোকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হতে পারবেন।
জামুকার এই সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের নেতা আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক চিফ হুইপ আবদুস শহীদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান উপস্থিত ছিলেন।