
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্যের ৪৯ শতাংশই খালাস হয় বহির্নোঙরে। লাইটার জাহাজ (পণ্যবাহী জাহাজ) শ্রমিকদের ধর্মঘটের কারণে সেই পণ্য খালাসে এখন অচলাবস্থা চলছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৬৩০টি লাইটার জাহাজ। আর বহির্নোঙরে আটকা ২১টি বড় জাহাজ। এসব জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। ৬৫১টি জাহাজে খালাসের অপেক্ষায় আছে প্রায় ১২ লাখ টন পণ্য। এর মধ্যে রয়েছে গম, লবণ, ডাল, অপরিশোধিত চিনি, সার ও সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার।
চট্টগ্রামের মতো মংলা, খুলনা, বাঘাবাড়ী, আশুগঞ্জ ও ভৈরব নদীবন্দরেও অচলাবস্থা দেখা দিয়েছে। দুই দিন ধরে এসব বন্দর ও অন্যান্য ঘাটে দেশি-বিদেশি সব জাহাজ থেকে পণ্য বোঝাই ও খালাস বন্ধ রয়েছে। পণ্য পরিবহন বন্ধ থাকায় রপ্তানিযোগ্য মালামাল বন্দরে পৌঁছানো যাচ্ছে না। শিপমেন্ট হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন ঠিকাদার-ব্যবসায়ীরা। তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন।
গত শনিবার বেলা ১১টা থেকে সারা দেশের লাইটার জাহাজের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি জাহাজের মাস্টার ও চালকসহ সাতজন নিখোঁজ হওয়ার ঘটনার জের ধরে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। শ্রমিকেরা নদীপথে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিকার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলম বলেছেন, হরতালে পুলিশি পাহারাসহ নানা কসরত করে পণ্য পরিবহন করা যায়। কিন্তু নদীপথে শ্রমিকদের কর্মবিরতি শুরু হলে এক টন পণ্যও আনা-নেওয়া করা যায় না। এই অচলাবস্থায় শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্ত হবে। ব্যাহত হবে উৎপাদন। পণ্যের দামেও প্রভাব পড়বে।
লাইটার জাহাজশ্রমিকদের ধর্মঘটের বিষয়ে গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নৌপথে নিরাপত্তা জোরদারে এখন থেকে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথ টহল দেবে। লাইটার জাহাজে শ্রমিক নিখোঁজের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ধর্মঘট নিরসনে নৌমন্ত্রীর নির্দেশে গতকাল চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে শ্রমিকনেতাদের একাংশের বৈঠক হয়। ওই বৈঠক শেষে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, সাত দফা দাবি মানার আশ্বাসে ১৮ নভেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকদের বড় অংশ এই বৈঠকে উপস্থিত ছিল না।
এ ব্যাপারে নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বলেন, ‘আমাদের মূল সংগঠনের সঙ্গে কারও বৈঠক হয়নি। যাঁরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, শ্রমিকদের মাঝে তার কোনো প্রভাব পড়বে না। নদীপথে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিকার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’
গতকাল সকাল ছয়টা থেকে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বহির্নোঙরে ২১টি জাহাজে এখনো খালাসের অপেক্ষায় আছে চার লাখ ১০ হাজার ৭৩৯ টন পণ্য।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল গতকাল এক প্রতিবেদনে জানায়, চট্টগ্রাম বন্দরের বড় জাহাজগুলো থেকে পণ্য নিয়ে দেশের ৩০টি গন্তব্যস্থলে আটকা পড়েছে ৬৩০টি লাইটার জাহাজ। এসব জাহাজে ভাসছে সাত লাখ ৮৪ হাজার টন পণ্য। এ ছাড়া শিল্পকারখানার নিজস্ব লাইটার জাহাজগুলোতেও আটকা পড়েছে বিপুল পরিমাণ পণ্য। শিল্পকারখানার জাহাজগুলোতে আটকে থাকা পণ্যের হিসাব পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার জানান, শনিবার থেকে ধর্মঘট শুরু হলেও বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে পড়ে গতকাল সকাল থেকে। তবে জেটি ও মুরিং এলাকায় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে বহির্নোঙরে ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও সার—এই তিন ধরনের পণ্য আটকা পড়েছে। টিকে গ্রুপের আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গমবাহী এমভি ভ্যান স্টার জাহাজটি কুতুবদিয়া গভীর সাগরে পৌঁছায় গত বৃহস্পতিবার। জাহাজটি থেকে মাত্র তিন হাজার ৮০০ টন গম খালাসের পরই অচলাবস্থার শিকার হয়। একইভাবে এস আলম গ্রুপের আমদানি করা এমভি ফারনেস ভিক্টরি জাহাজ থেকে খালাসের অপেক্ষায় আছে ১৯ হাজার টন চিনি। এ ছাড়া সিটিগ্রুপের গম ও কাঁচা চিনি, মেঘনা গ্রুপের সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য আটকা পড়েছে।
মংলায়ও পণ্য বোঝাই-খালাস বন্ধ: মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) কাজী গোলাম মুক্তাদির বলেন, ধর্মঘটের কারণে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় অবস্থিত তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য পরিবহন ও ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে।
মংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু অ্যান্ড সন্স কোংয়ের স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ দুলাল বলেন, পরিবহন ধর্মঘটের কারণে জাহাজ থেকে পণ্য খালাস ও পরিবহন হচ্ছে না। ফলে জাহাজমালিক ও ব্যবসায়ীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অচল খুলনা বন্দর: দুই দিন ধরে খুলনার নদীবন্দর ও ঘাটগুলো থেকে কোনো ধরনের নৌযান ছেড়ে যায়নি। পণ্য বোঝাই ও খালাস করে বন্দরেই পড়ে আছে অসংখ্য লাইটার জাহাজ। গতকাল দুপুরে বন্দরের ৪, ৫ ও ৭ নম্বর ঘাট ঘুরে দেখা যায় শতাধিক জাহাজ বন্দরে নোঙর করা। অলস সময় কাটাচ্ছেন মাস্টার, চালক ও হ্যান্ডলিং শ্রমিকেরা।
খুলনা নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আকবর আলী বলেন, খুলনা শিপইয়ার্ড থেকে শিরোমণি পর্যন্ত দুই শতাধিক জাহাজ নোঙর করা আছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়া না পর্যন্ত কোনো নৌযান নদীতে চলবে না।
বাঘাবাড়ীতে বেকার ৪০০ শ্রমিক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর কর্মকর্তা আজমুল হুদা মিঠু জানান, দুই দিনে বাঘাবাড়ী বন্দরে কোনো পণ্যবাহী জাহাজ আসেনি। তা ছাড়া বন্দরে থাকা ৩০টি জাহাজের মালামাল খালাস বন্ধ রয়েছে।
আশুগঞ্জ-ভৈরবে আটকা ২০০ জাহাজ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবোঝাই জাহাজ। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া সারবোঝাই জাহাজও রয়েছে।
গতকাল আশুগঞ্জে গিয়ে দেখা যায় অসংখ্য জাহাজের সারি। শ্রমিকেরা ঘাটে অলস সময় পার করছেন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ভৈরব, খুলনা অফিস এবং সিরাজগঞ্জ ও মংলা (বাগেরহাট) প্রতিনিধি}