বরিশালে ১৫৯০ বিদ্যালয়ে চারু-কারুর শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগে এক হাজার ৫৯০টি মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক নেই। ৫০ নম্বরের এ বিষয়ের অঙ্কনেই অর্ধেক নম্বর। গত শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে বিষয়টি আবশ্যিক করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান জনবলকাঠামো অনুযায়ী, চারু ও কারুকলা বিষয় অন্তর্ভুক্ত না থাকায় এ বিষয়ে শিগগিরই কোনো শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। বড় শহরের বিদ্যালয়গুলোতে পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের নিজেদের অর্থে এ বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হলেও ছোট শহর এবং গ্রামের প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ের শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে লাখ লাখ শিক্ষার্থী বিপাকে পড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, নতুন বিষয়ের কোনো শিক্ষককে এমপিওভুক্ত করতে হলে শিক্ষা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে।
বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, বোর্ডের অধীনে সদ্যসমাপ্ত জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৮ হাজার ৯৯০ জন শিক্ষার্থী। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে উঠবে আরও ৮৯ হাজার শিক্ষাথী। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে উঠবে দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের ১২টি সরকারি বিদ্যালয় ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে এ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষক-শিক্ষার্থী এমনকি অভিভাবকেরা পর্যন্ত চিন্তায় পড়েছেন।
বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুর রহমান জানান, জেলা শহরের বিদ্যালয়গুলোতে চারু-কারুকলার শিক্ষক না থাকলেও এ বিষয়ে তারা বাইরের শিক্ষকদের কাছ থেকে সামান্য কিছু ধারণা নিতে পারে। কিন্তু গ্রামের শিক্ষার্থীদের সে সুযোগও নেই। এ কারণে এবারের জেএসসি পরীক্ষায় গ্রামের শিক্ষার্থীদের আশানুরূপ ফল নাও হতে পারে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলিক কার্যালয় জানায়, বরিশাল বিভাগের ছয় জেলায় এক হাজার ৬০২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শুধু ১২টিতে চারু ও কারুকলার শিক্ষক রয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের জেএসসি পরীক্ষার বিপুল পরিমাণ খাতা মূল্যায়নে বিভাগে মাত্র ৩৭ জন শিক্ষক রয়েছেন। এখন পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞতা আছে এমন শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর সিদ্ধান্ত হয়েছে।
বরগুনা সদরের উত্তর কুমড়াখালী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিগেন চন্দ্র মিস্ত্রি বলেন, ‘কোনো রকম সাধারণ ধারণা দিয়ে আমরা আপাতত চালিয়ে নিচ্ছি।’
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর বৃহস্পতিবার দুপুরে পবলেন, ‘এবার জেএসসি পরীক্ষায় চারু ও কারুকলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য এ বিষয়ে অভিজ্ঞতা আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের এমন শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। আশা করি, কোনো সমস্যা হবে না। আর শিক্ষক নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় আছে।’