'মৃত' ঘোষণার ২৭ ঘণ্টা পর সেই নবজাতকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৃত’ ঘোষণার পর নড়ে ওঠা সেই নবজাতক ২৭ ঘণ্টা পর মারা গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনকিউবেটরে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, মৃত নবজাতককে মা-বাবার কাছে হস্তান্তরের পর তাঁরা হাসপাতাল ছেড়েছেন।
গতকাল দুপুরে ওই নবজাতককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। নবজাতকের মা সুলতানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘কাছে না এসে চিকিৎসক বাচ্চাকে মৃত ঘোষণা করেন। তাঁরা গুরুত্ব দিয়ে দেখলে হয়তো আমাকে বাচ্চাটা হারাতে হতো না।’
নবজাতককে ‘মৃত্যু’ সনদ দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম জামাল বলেন, কমিটি মৃত নবজাতকের মা-বাবা ও নানা-নানির সঙ্গে কথা বলেছে। আজ সোমবার কমিটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলবে।
গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়ার পরদিন সকালে নবজাতকটি অচেতন হয়ে পড়ে। নবজাতককে না দেখেই চিকিৎসক ‘মৃত’ ঘোষণা করেন। পরে আজিমপুরে দাফনের প্রস্তুতিকালে নবজাতকটি নড়ে উঠলে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকেরা দাবি করেন, নির্ধারিত সময়ের আগে ছয় মাসে বাচ্চাটি জন্ম নেওয়ায় তার অবস্থা সংকটাপন্ন ছিল। এ অবস্থায় শিশুটি ‘ক্লিনিক্যাল’ ডেড ছিল।
গত ৪ ডিসেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এক নারীকে (৪৫) মৃত ঘোষণার চার ঘণ্টা পর ট্রলিতে নড়ে ওঠেন। অবশ্য ২৬ ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়েছিল।