অনশন পণ্ড, আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগত দুর্বৃত্তদের হামলায় শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ ঘটনার জের ধরে আন্দোলকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, পুলিশসহ ১১ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত দুই দফায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পের পাশে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি। আজ এই কর্মসূচি চলাকালে সন্ধ্যা সাতটার দিকে বহিরাগত দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়। তারা অনশনস্থলের শামিয়ানা ভেঙে ফেলে ও বিছানাপত্র তছনছ করে। সেখানে অনশনকারীরা এর প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তিনজন শিক্ষককে মারধর করে। আহত শিক্ষকেরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফরিদ-উল-ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের দুই শিক্ষক নূরুল হুদা ও গাজী মাজহারুল আনোয়ার।
এ দিকে শিক্ষক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পার্কের মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। রাত পৌনে আটটার দিকে মহাসড়কে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পুলিশ সরে যেতে বলে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে ও তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় আহত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান ও শিক্ষার্থী শাহজাহান আলী। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে চার পুলিশ কনস্টেবল অহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষক সমিতির শান্তিপূর্ণ আমরণ অনশন কর্মসূচিতে হামলায় উপাচার্যের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, ‘ঘটনা শুনেছি। অনশনে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী ঢাকায় অবস্থান করায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক বন্ধ করে দেয়। জনগণের জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ ২৫টি কাঁদানে গ্যাসের শেল ও ২৫টি ফাঁকা রাবার বুলেট ছোড়ে।
প্রসঙ্গত, ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে গত ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি আন্দোলন করে আসছে। পরবর্তী সময়ে উপাচার্যের পদত্যাগের এক দফার আন্দোলনের ডাক দিয়ে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকে তালা মেরে দিলে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।