নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট এলাকায় গ্রামবাসীর জমি দখল এবং সাজানো মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী অমল পোদ্দার কারখানা করার জন্য পঞ্চমীঘাট বাজারের পাশে নানাখী গ্রামে জমি কেনেন। গ্রামবাসীর অভিযোগ, তিনি ফসলি জমি জোর করে কিনে নিচ্ছেন। কেউ বিক্রি করতে রাজি না হলে বালু ফেলে দখল করছেন। এর প্রতিকার পেতে ওই গ্রামের যুবক আবুল কালাম আজাদ ২ আগস্ট বুকে ‘ন্যায়বিচার চাই’ প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে দাঁড়িয়ে ছিলেন। সার্বিক বিষয় নিয়ে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘এক যুবকের চোখে শত মানুষের কান্না’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
জমি দখলের প্রতিবাদ এবং সাজানো মামলায় গ্রেপ্তার সোহেল মাহমুদের মুক্তির দাবিতে গতকাল নানাখী গ্রামে এলাকাবাসীর আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি চলে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত। ১৭০ জন গ্রামবাসী এতে স্বাক্ষর করেন। আজ শনিবার পঞ্চমীঘাট বাজারে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে অভিযোগ তদন্তে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা গতকাল শুক্রবার তিন সদস্যের কমিটি গঠন করেছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমানকে এ কমিটির প্রধান করা হয়েছে। সিদ্দিকুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী মানুষের কথা শুনেছি। আগামী দুই দিন ভুক্তভোগীদের মালিকানার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের অনুরোধ জানিয়েছি।’
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ জানান, তিনি তদন্ত কমিটির কাছে সাজানো মামলা এবং জমি জবরদখলের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সাজানো মামলা প্রত্যাহার না হলে গ্রামবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।