
দেশের ভবিষ্যৎ সম্পর্কে বাংলাদেশিরা আশাবাদী। কিন্তু তাদের উদ্বেগের বিষয় হলো দুর্নীতি। এই সমস্যাটির সমাধান বা সুরাহার ব্যাপারে সরকারের উদ্যোগ কম বলেও মনে করেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) নামের একটি সংস্থার এক মতামত জরিপে এসব তথ্য উঠে এসেছে।
গতকাল বুধবার এই জরিপের ফল প্রকাশ করা হয়। আইআরআই এ বছরের মে ও জুন মাসে দুই হাজার ৫২৫ জনের মধ্যে এ জরিপ চালায়।
জরিপে বলা হয়, পরবর্তী নির্বাচন নিয়ে জরিপে অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে বিভক্তি আছে। তবে তা সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতাদের বেশ ভালো সমর্থন আছে।
জরিপে মতামত প্রদানকারী শতকরা ৬২ শতাংশ বিশ্বাস করেন দেশ সঠিক নেতৃত্বেই চলছে। এর আগের জরিপে এ ব্যাপারে মতো ছিল শতকরা ৫৬ শতাংশের। এবারের জরিপে তা ৬ শতাংশ বেড়েছে। শতকরা ৭২ শতাংশ মানুষ মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা ইতিবাচক। জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ মনে করেন দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ভালো। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ইতিবাচক বলে মনে করেন জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ।
নির্বাচনী সহিংসতা ও হরতাল কমে আসার ব্যাপারটিও জরিপে উঠে এসেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও নিরাপত্তা ক্ষেত্রে জরিপের অংশগ্রহণকারীরা মনে করেন বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি। জরিপে ২৪ শতাংশ মনে করেন বাংলাদেশে অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি, ১৬ শতাংশের মতে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ১৫ শতাংশ নিরাপত্তাকে সমস্যা মনে করেন। (বিস্তারিত আসছে...)