ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপ
অর্থনীতি এগিয়ে যাওয়ায় মানুষ গণতন্ত্রের দুঃখ মেনে নিচ্ছে

অর্থনীতি এগিয়ে যাওয়ায় গণতন্ত্রের দুঃখ মেনে নিচ্ছে বাংলাদেশ। দেশটির ভবিষ্যৎ নিয়ে যতই আশাবাদ বাড়ছে, ততই গণতান্ত্রিক সরকারের চেয়ে অর্থনৈতিক উন্নয়নকে মানুষ গুরুত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের নতুন জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের মানুষ। যদিও সামান্য সংখ্যাগরিষ্ঠ মানুষ গণতন্ত্রকে সমর্থন করেছেন। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গণতন্ত্রের চেয়ে অর্থনৈতিক উন্নতিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
‘অপটিমিজম গ্রোয়িং ফর বাংলাদেশেস ইকোনমিক ফিউচার’ শিরোনামে গত মঙ্গলবার আইআরআই এ জরিপের ফলাফল প্রকাশ করে।
এতে বলা হয়, ২০১৫ সালের জুনে আইআরআইয়ের করা জরিপে ৬৮ শতাংশ মানুষ গণতন্ত্রকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। এবার তা কমে ৫১ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত জরিপে উন্নয়নকে গুরুত্ব দিয়েছিলেন ২৭ শতাংশ, এবার ৪৫ শতাংশ উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়েছেন। যদিও ৮৮ শতাংশ মনে করেন, গণতন্ত্রে সমস্যা থাকলেও বর্তমান পদ্ধতি যেকোনো ধরনের সরকারের চেয়ে ভালো।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই জরিপের তথ্য শতভাগ সমর্থন করি না। তবে গণতন্ত্র ও সুশাসনের অন্যতম প্রধান লক্ষ্য জনকল্যাণ এবং এ জন্য অর্থনৈতিক উন্নয়নের বিকল্প নেই।’ তিনি বলেন, জরিপে লক্ষণীয় বিষয় হচ্ছে, গণতন্ত্রকে যাঁরা সমর্থন করেছেন, তাঁরা অর্থনৈতিক উন্নয়নের বিরোধিতা করেননি। তাই প্রয়োজনে গণতন্ত্রে কিছুটা ছাড় দিয়ে অর্থনৈতিক উন্নয়ন আগে সুদৃঢ় ও নিশ্চিত করতে হবে। এরপর প্রয়োজনে পূর্ণ গণতন্ত্রের কথা ভাবা যেতে পারে।
আইআরআই এশিয়ার আঞ্চলিক পরিচালক ডেরেক লুটেন বলেছেন, স্পষ্টতই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের মানুষের কাছে অগ্রাধিকার পাচ্ছে। যদিও সামগ্রিক স্থিতিশীলতা ভবিষ্যতের স্থায়িত্বশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জরিপের ফলাফল নিয়ে তৈরি করা ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদনে দেখা যায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জনমত সরেনি। ৬৮ শতাংশ মানুষ এখনো মনে করেন, পরবর্তী জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা উচিত। গত জরিপে ৬৭ শতাংশ মানুষ এ মত দিয়েছিলেন। পক্ষান্তরে মাত্র ২৩ শতাংশ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মত দিয়েছেন। আগের জরিপে ২২ শতাংশ মানুষ তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ছিলেন। প্রতিবেদনে আরও দেখা যায়, আইআরআইয়ের গত চারটি জরিপেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষের মত এসেছে।
বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে: জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ মানুষ মনে করেন, বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। শিক্ষা, যোগাযোগ এবং অর্থনৈতিক উন্নয়ন—মূলত এ তিন কারণেই দেশ সঠিক পথে আছে। ৩২ শতাংশ মনে করেন, দেশ ভুল পথে যাচ্ছে। এই ৩২ শতাংশের মধ্যে প্রায় অর্ধেক রাজনৈতিক অস্থিরতাকে মূল কারণ হিসেবে দেখিয়েছেন। ৮০ শতাংশ মানুষ মনে করেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খুব ভালো বা মোটামুটি ভালো। আইআরআইয়ের গত জরিপের চেয়ে ১২ শতাংশের বেশি মানুষ বর্তমানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই মত দিয়েছেন।
অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের আশাবাদ বাড়ছে: জরিপের ফলাফল বলছে, প্রায় ৮০ শতাংশ মানুষ মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো বা মোটামুটি ভালো। এর মধ্যে ৭২ শতাংশ মানুষ আশা করছেন, আগামী বছর তাঁদের ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। ১০ জনের মধ্যে ৯ জন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো কেনার মতো যথেষ্ট পরিমাণ আয় তাঁদের পরিবারের আছে।
জরিপে আরও দেখা গেছে, সরকারের পদক্ষেপগুলো ৭২ শতাংশ মানুষ সমর্থন করছেন। গত জুনের জরিপের চেয়ে এটা ৬ শতাংশ বেশি। তবে দুর্নীতি দমন সরকারের জন্য এখনো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে আছে। ৪৯ শতাংশ মানুষ এ বিষয়ে সরকারের অবস্থানকে নেতিবাচক হিসেবে উল্লেখ করেছেন, পক্ষান্তরে ৪৭ শতাংশ মানুষ সরকারের পক্ষে মত দিয়েছেন।
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রথম আলোকে বলেন, এই জরিপ কিসের ভিত্তিতে হয়েছে, তা না জেনে এর সংখ্যাগত ধারণা বিষয়ে তিনি মত দিতে চান না। তবে উন্নয়ন ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত মত হচ্ছে, গণতন্ত্র ছাড়া আসল উন্নয়ন সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ বা পাকিস্তানি আমলে, এমনকি এরশাদ সরকারের আমলেও যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু কর্তৃত্ববাদী শাসন এ দেশের মানুষ মেনে নেয়নি।
এক প্রশ্নের জবাবে দিলারা চৌধুরী বলেন, উন্নয়নের জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার যে দৃষ্টান্ত দেওয়া হয়, সেই প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সেখানকার উন্নয়নের মূলে ছিল নেতৃত্ব, সুশাসন, নিরাপত্তা, মানবাধিকার ও দুর্নীতিমুক্ত প্রশাসন।
ভোট দেওয়ার বয়স হয়েছে, এমন ২ হাজার ৫৫০ জনের মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ পরিচালনা করেছে আইআরআই। গত বছরের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। দেশের সাতটি বিভাগের ৬৪ জেলা থেকেই দৈবচয়ন ভিত্তিতে এবং প্রতিনিধিত্বশীলভাবে সাক্ষাৎকারদাতাদের নির্বাচন করা হয়েছে।
জনমত নিয়ে জরিপ ও গবেষণা প্রায় দুই দশকের অভিজ্ঞতার আলোকে আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস গড়ে তোলা হয়েছে। ২০০৮ সাল থেকে আইআরআই বাংলাদেশের প্রধান নির্বাচনী ইস্যুগুলো নিয়ে জরিপ পরিচালনা করছে।