হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা, অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে শিশুর চিকিৎসা করা, বায়োকেমিস্ট না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল-সংশ্লিষ্ট ছয়জনকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার র্যা ব ও স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্মিলিতভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) সামিউল হাসানের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক চিকিৎসক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘নিয়মকানুন মেনে আইসিইউ চলছে কি না, তা দেখতে আমরা ভেতরে ঢুকি। গিয়ে শিশুটিকে দেখতে পাই। পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। কিন্তু সে সময়ও তার ভেন্টিলেটর চলছিল। একটু পরপর রোগীর আত্মীয়স্বজনকে স্যালাইন ও ওষুধ কিনতে পাঠানো হচ্ছিল।’ মো. শাহজাহান বলেন, শিশুটি নিউমোনিয়ায় ভুগছিল। তার রক্তে সংক্রমণ এবং মস্তিষ্কে মেনিনজাইটিস হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি গত মঙ্গলবার মারা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের জেরার মুখে কর্তব্যরত চিকিৎসক বলেন, অভিযান চলার সময়ই শিশুটি মারা যায়। এর আগে নয়। শিশুটির নাম সুমাইয়া সাবাহ (১ বছর ৪ মাস)।
র্যা ব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিইউতে তারা একজন অনভিজ্ঞ চিকিৎসককে পেয়েছে। সংকটাপন্ন অবস্থায় আসা শিশুটির জন্য মেডিকেল বোর্ড গঠনের কথা থাকলেও গতকাল পর্যন্ত কোনো মেডিকেল বোর্ড হয়নি। দোষ স্বীকার করায় র্যা ব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ছয়জনকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।