জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমাদের হল দাও, নয় মেরে ফেলো’—এমন নানা স্লোগান সংবলিত ব্যানার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো
‘আমাদের হল দাও, নয় মেরে ফেলো’—এমন নানা স্লোগান সংবলিত ব্যানার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আজ বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এই কারাগারের জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার দাবিতে গত ২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে ৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়কে দেওয়ার আহ্বান জানানো হয়।
জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কারাগারের জায়গাটি বিশ্ববিদ্যালয়কে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। জায়গাটি পাওয়া গেলে কারাগারের ঐতিহ্য সংরক্ষণ করে জাতীয় চার নেতার নামে চারটি আবাসিক হল নির্মাণ করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধান হবে। এ ছাড়া এই জায়গাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলে জাতীয় চার নেতার স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা সহজ হবে। তবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে গতকাল বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার কথা ছিল। কিন্তু পথে কয়েক ধাপে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান নেন তাঁরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে কয়েকজন শিক্ষার্থী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০ বছর পার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত একজন শিক্ষার্থীরও আবাসিক ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। নতুন হল নির্মাণে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করছে কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়।
সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা সড়কের দক্ষিণাংশ অবরোধ করে বিক্ষোভ করছেন তিন থেকে চার শ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ দেন। এতে শাহবাগ থেকে পল্টন পর্যন্ত সড়কে তীব্র যানজট লেগে আছে। কদম ফোয়ারার সামনে জলকামান নিয়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক পুলিশ। বেলা একটার দিকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন বলেন, ‘দাবি আদায়ে আজ বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে। নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’