বিয়েতে সেরেনার কাছ থেকে কী পরামর্শ পেলেন মেগান?

আর মাত্র কয়েকটা দিন। এরপরই বিশ্ব দেখবে বছরের সবচেয়ে আলোচিত ও জমকালো এক বিয়ের অনুষ্ঠান। পাঠক ঠিক ধরেছেন, ব্রিটেনের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের কথাই বলা হচ্ছে। ১৯ মে আয়োজিত রাজকীয় এই বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ৬০০। তবে নিমন্ত্রণ ছাড়াই বিশ্ববাসী মেগান আর হ্যারির বিয়ে টিভি পর্দায় দেখতে পারবেন। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। এমন সময় হবু রাজবধূ মেগানকে বিয়ে নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন বান্ধবী ও টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়াম।
সেরেনা তাঁর বান্ধবী মেগানকে বলেছেন, ‘নিজের বিয়ের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগ করো।’ এই টেনিস তারকা মনে করেন, বিয়ের আগের সব প্রস্তুতি, পরিকল্পনা প্রতিটি খুঁটিনাটি বিষয় উপভোগ করা উচিত। কারণ জীবনে এমন বিশেষ সময় বারবার আসবে না।
এদিকে গত বছর মার্কিন ব্যবসায়ী অ্যালেক্সিস ওহানিয়ানকে বিয়ে করেছেন সেরেনা উইলিয়াম। নিজের বিয়ের স্মৃতি তাঁর মনে এখনো তাজা। তাই নিজে যেসব কাজ বিয়েতে করতে পারেননি, বান্ধবী যেন সেসব মিস না করেন, সে জন্যই বারবার তাগাদা দিচ্ছেন। যেমন নিজের বিয়েতে হইহল্লায় মেতে থাকায় বিয়ের কেকটাই নাকি খেতে ভুলে গিয়েছিলেন সেরেনা। মেগান মার্কেল যেন এমনটা না করেন সেটি তিনি মনে করিয়ে দিয়েছেন।
মেগান ও প্রিন্স হ্যারির বিয়ের কেক তৈরি করবেন লন্ডনভিত্তিক বেকারি মালিক ক্লেয়ার পেতাক। বিয়ের আমন্ত্রিত অতিথিদের লেমন এলডার ফ্লাওয়ার কেক বানিয়ে খাওয়াবেন এই জনপ্রিয় শেফ। বাটার ক্রিম ও তাজা ফুল দিয়ে সাজানো সেই কেকে থাকবে বসন্তের ছোঁয়া।
কিন্তু বান্ধবীকে যে এত বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, তাঁর বিয়েতে কি নিমন্ত্রণ পেয়েছেন সেরেনা উইলিয়াম? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ‘ওই সময় আমার একটি টুর্নামেন্ট থাকার কথা। জানি না আমি বিয়েতে উপস্থিত থাকতে পারব কিনা।’
তবে মেগান-হ্যারির বিয়েতে ফুটবলার ডেভিড বেকহাম, তাঁর স্ত্রী ও মডেল ভিক্টোরিয়া বেকহাম, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সংগীতশিল্পী এলটন জনসহ অনেকে নিমন্ত্রণ পেয়েছেন। ৬০০ অতিথির মধ্যে ২০০ জন বিয়ের সন্ধ্যায় নৈশভোজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর উইন্ডসর প্যালেসের মাঠে দাঁড়িয়ে রাজকীয় এই বিয়ের আয়োজন দেখতে পারবেন ১২০০ জন দর্শক। এক্সপ্রেস ইউকে