রণবীরকে 'সঞ্জু' বানিয়েছেন সুরেশ মুরকে

অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র ট্রেলার এরই মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। মুগ্ধতার কারণ রণবীর কাপুর। রণবীরের মেকআপ, গেটআপ, কথা বলার ধরন, চলন—সব একদম সঞ্জয় দত্তের মতো। নিজেকে এই তারকার খোলসে ঢোকাতে অনেক অধ্যবসায় করতে হয়েছে রণবীরকে। তবে এর নেপথ্যে আছে আরও একজনের ‘কারসাজি’। রণবীরকে যিনি সঞ্জয়ের মতো করে সাজিয়ে তুলেছেন, তাঁর নাম সুরেশ মুরকে।
সুরেশ মুরকে একজন পেশাদার প্রস্থেটিক আর্টিস্ট। তিনি এর আগেও ‘তনু ওয়েডস মনু’, ‘ডার্টি পিকচার’ ও ‘গুরু’ ছবিতে তারকাদের মুখের আদল বদলে ভূমিকা রেখেছেন। প্রস্থেটিক আর্টিস্টের কাজই শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন: নাক, কান, দাঁত ইত্যাদি কৃত্রিমভাবে স্থাপন করা। রণবীরকে যেমন সঞ্জয় দত্তের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে অনেকটা সময় এই অভিনেতার সঙ্গে কাটাতে হয়েছে। আবার ‘সঞ্জু’ ছবির শুটিংয়ের আগে নতুন করে সঞ্জয়ের সিনেমা, সাক্ষাৎকারের ভিডিও দেখা শুরু করেছিলেন রণবীর। অবাক করা ব্যাপার হলো, সুরেশ কিন্তু সামনা-সামনি সঞ্জয়কে কখনো দেখেননি। না দেখিয়েই রণবীরকে এই অভিনেতার মতো বানিয়ে ফেলেছেন।

সুরেশ বলেন, ‘পরিচালক রাজকুমার হিরানি আমাকে সঞ্জয় দত্তের যে ছবিগুলো দিয়েছিলেন, তা দেখে আমি রণবীরকে তাঁর মতো করে তোলার চেষ্টা করেছি।’
‘সঞ্জু’ ছবিতে সঞ্জয়ের জীবনের ছয়টি অধ্যায় দেখানো হয়েছে। প্রতিটি ধাপে রণবীরকে নিতে হয়েছে ভিন্ন লুক। নব্বইয়ের দশকে সঞ্জয় দেখতে যেমন ছিলেন, তাঁর সঙ্গে মিলিয়ে রণবীরের গাল ফুলিয়েছেন সুরেশ। কৃত্রিমভাবে এই নায়কের চোয়ালের হাড়ও দেখতে সঞ্জুর মতো করেছেন। আর ছবির শেষ দিকে, যেখানে রণবীরকে বেশি বয়স্ক দেখানোর প্রয়োজন ছিল, সেখানে সুরেশ বেছে নেন অন্য কৌশল। সঞ্জয়ের এখনকার লুকে আনার জন্য তিনি রণবীরের মুখের ওপরের অংশে নকল চামড়া বসান। রণবীরের গাল, নাকের কাছের অংশ ও চোখের নিচে ফোলা দেখানোর জন্যও অনেক কসরত করতে হয়েছে তাঁকে।
‘সঞ্জু’ মুক্তি পাবে আগামী ২৯ জুলাই। এই ছবিতে রণবীর কাপুর একা নায়ক হলেও অভিনেত্রী থাকছেন পাঁচজন। রণবীর মায়ের ভূমিকায় থাকবেন মনীষা কৈরালা। আর নায়িকা হয়েছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, কারিশমা তান্না। এনডি টিভি