'ক্যাপ্টেন ছিলাম, আছি, থাকব'

কয়েক বছর ধরে ঈদ উৎসব মানেই শাকিব খানের একাধিক সিনেমা মুক্তি পাওয়া। তবে এবার ঈদে ব্যতিক্রম হয়েছে। এই ঈদে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই নায়কের। বুকিং এজেন্ট সূত্রে জানা গেছে, শাকিব খান অভিনীত এই ছবির জন্য বন্ধ থাকা কয়েকটি প্রেক্ষাগৃহ নতুন করে চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’সহ অন্যান্য প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
ঈদ মোবারক।
প্রথম আলোর মাধ্যমে দেশে ও দেশের বাইরের সব ভক্তকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
কেমন কাটল এবারের ঈদ?
বরাবরের মতোই ভালো। আর যখন শুনলাম, ‘ক্যাপ্টেন খান’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেশি, তখন ভালো লাগা আরও বেড়েছে।

ঈদের ছুটিতে খুব ব্যস্ত?
ঠিক বলেছেন। ঈদে কোথায় একটু বিশ্রাম নেব, তার কোনো সুযোগ নাই। ঈদের আগে সিনেমার শুটিংয়ে দেশ-বিদেশ ছুটতে হয়েছে। আর ঈদের ছুটিতে এক টিভি চ্যানেল থেকে আরেকটিতে। এটাই এখন জীবন। দর্শকদের বিনোদন দিয়ে নিজে আনন্দ পাচ্ছি।
আপনার এই ছবিতে একটি সংলাপ হচ্ছে ‘আমি ক্যাপ্টেন ছিলাম, আছি, থাকব’। এই সংলাপে কী বার্তা দিচ্ছেন?
এটাকে আমি শুধু ছবির সংলাপ মনে করছি। পরিচালক ভালো বলতে পারবেন, কোন ভাবনা থেকে এটি আমার মাধ্যমে বলানোর চেষ্টা করেছেন। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। এটা পুরোপুরি বিনোদনধর্মী একটা সিনেমা। সিরিয়াস গল্পের কিছু না। এই ছবিতে রোমান্স, অ্যাকশন, থ্রিলার—সবকিছুই আছে।
‘ক্যাপ্টেন খান’ ছবির কী অবস্থা?
‘ক্যাপ্টেন খান’ ছবিটি মুক্তির আগেই সুপার হিটের তকমা পেয়ে গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানতে পেরেছি, কোনো কোনো প্রেক্ষাগৃহ থেকে নাকি ছবিটি সাড়ে পাঁচ লাখ টাকা সংগ্রহ করেছে। মুক্তির আগে প্রেক্ষাগৃহের মালিকেরা এমজি (মিনিমাম গ্যারান্টি) যদি আরেকটু কমাতেন, তাহলে আড়াই শ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারতেন। এত বেশি এমজি থাকা সত্ত্বেও ‘ক্যাপ্টেন খান’ পৌনে দুই শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘ক্যাপ্টেন খান’ ছবি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের কেমন ভিড় লক্ষ করছেন?
খুবই ভিড়। আগেই বলেছি, এটা সিরিয়াস কোনো গল্পের ছবি না। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঈদ উৎসবে অন্য রকম গল্পের ছবি দেখতে দর্শক পছন্দ করেন। আর তাই তো আমরা এই উৎসবে মানুষকে ভাবাতে চাই না, কাঁদাতেও চাই না। চাই শুধু আনন্দ দিতে। প্রেক্ষাগৃহে যতক্ষণ দর্শক থাকবেন, ততক্ষণ যেন আনন্দের মধ্যেই থাকেন। এই ছবির সংলাপ ভালো লাগবে। গল্পের উপস্থাপন চমৎকার। গানগুলোও দারুণ।