মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন গান বাংলার তাপস ও মুন্নী

পুরস্কার হাতে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী, ছবি-ফেসবুক থেকে নেওয়া
পুরস্কার হাতে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী, ছবি-ফেসবুক থেকে নেওয়া

সমাজসেবী এবং অনাথ ও আতুড়জনের বন্ধু হিসেবে মাদার তেরেসার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জীবনের একটা পর্যায়ে এসে শান্তিতে নোবেল পুরস্কারও অর্জন করেন তিনি। নোবেল পুরস্কারপ্রাপ্তির পরের ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নও লাভ করেন। মহীয়সী এই ব্যক্তিত্বের ১০৮তম জন্মদিনে তাঁর শান্তির বার্তাকে যাঁরা ধারণ করে চলেছেন তাঁদের মধ্যে ৭ জনকে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’-এ ভূষিত করা হয়েছে। বাংলাদেশ থেকে এ পুরস্কার অর্জন করেছেন গায়ক-সংগীত পরিচালক ও গানবাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস এবং একই চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নী। নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তথ্যটি জানান তাপস।

আজ রোববার দুপুরে ভারতের কলকাতার সত্যজিৎ রায় মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাপস ও মুন্নীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। গানবাংলা চ্যানেলের ‘উইন্ড অব চেঞ্জ—পিস ফর মিউজিক’ প্রকল্পের জন্য এই পুরস্কার লাভ করেন তাপস ও মুন্নী দম্পতি।

এ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমাদের সম্মানিত করার জন্য মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রদান কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ। দেশকে এভাবে প্রতিনিধিত্ব করতে পারায় আমি ও মুন্নী অনেক গর্ব বোধ করছি। উইন্ড অব চেঞ্জের সঙ্গে জড়িত প্রতিটি সদস্যকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তাপস আরও বলেন, ‘এই পুরস্কার আমাদের শুধু উৎসাহ আর অনুপ্রেরণা জোগাবে না, এটা আমাদের আরও ভালো কাজ করার ক্ষেত্রে দায়িত্বশীল করে তুলবে। শুধু তা-ই নয়, গানের মাধ্যমে পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দিতে সাহায্য করবে। এই পুরস্কার শুধু আমাদের নয়, উইন্ড অব চেঞ্জের সঙ্গে জড়িত এবং যাঁরা আমাদের মিউজিক ভালোবাসেন, তাঁদের সকলের অর্জন।’

গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সবাই ‘মিউজিক ফর পিস’ বা ‘শান্তির জন্য সংগীতের’ পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। তাঁদের মতে যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল গানই পারে শান্তির খোঁজ দিতে। আর সে জন্য তাঁরা গানের মাধ্যমে শান্তিকে অন্বেষণের জন্য ‘মিউজিক ফর পিস’ স্লোগানের পক্ষে মতামত দিয়েছেন।

প্রসঙ্গত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিতে সুর করে তাপস ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। কিছুদিন আগে বাংলাদেশি এই গায়ক ও সংগীত পরিচালক অর্জন করেন দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮। ভারতের মুম্বাইভিত্তিক বেসরকারি সংস্থা ‘দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন’ এই পুরস্কার দিয়েছে। তাপসের হাতে পুরস্কারটি তুলে দেন বলিউডের ‘বাহুবলী’ ছবির তারকা রানা দাগ্গুবতি। এ বছরের এপ্রিলে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮-এর অনুষ্ঠান। পুরস্কার হিসেবে আয়োজকেরা বাংলাদেশের এই শিল্পীকে একটি স্মারক ও সনদ প্রদান করেন। আয়োজকেরা সনদে কন্যাশিশুর ক্ষমতায়নে দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও স্মাইল ফাউন্ডেশনের কাজে অবদান রাখার জন্য তাপসকে ধন্যবাদ জানান।