এবার 'অর্ধাঙ্গিনী'র নায়ক জিতু

স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে এত দিন নায়ক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক ট্রেন দুর্ঘটনা গল্প পাল্টে দিয়েছে। সেই দুর্ঘটনায় পুরোনো নায়ককে হারিয়ে ফেলেছেন নায়িকা ঈশ্বরী। এই চরিত্রে অভিনয় করছেন নবনীতা দাস। একই সঙ্গে পুরোনো কিছুই মনে করতে পারছেন না তিনি। এদিকে তাঁর জীবনে এসেছে নতুন নায়ক। নতুন এই চরিত্রের নাম আয়ূষ। চিকিৎসক। এই আয়ূষ এবার ঈশ্বরীকে তার হারানো স্মৃতি খুঁজে পেতে সাহায্য করবে। ‘আয়ূষ’ চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। শিগগিরই ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে ‘গল্পের নতুন মোড়’ শিরোনাম দিয়ে প্রমো দেখানো হচ্ছে। তা দেখেই ধারণা করা হচ্ছে, ‘হারানো সুর’ ও ‘দীপ জ্বেলে যাই’ চলচ্চিত্রের গল্পের ছোঁয়া আছে ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালের নতুন গল্পে।
ছোট পর্দায় জিতু কমলের শুরুটা হয়েছিল ২০১০ সালে, ইটিভি বাংলার ‘নিয়তি’ সিরিয়ালের মধ্য দিয়ে। একই সঙ্গে তিনি অভিনয় করেছেন সানন্দা টিভির ‘ভোলা মহেশ্বর’ সিরিয়ালে। কিন্তু তাঁকে দর্শকের কাছাকাছি নিয়ে আসে জি বাংলার ‘রাগে অনুরাগে’ সিরিয়াল। এই সিরিয়ালের ‘মল্লার সেন’ চরিত্রটি অল্প সময়েই জনপ্রিয় হয়। এরপর তিনি কাজ করেছেন স্টার জলসার ‘মিলন তিথি’ আর সর্বশেষ জি বাংলার ‘রাঙিয়ে দিয়ে যাও’ সিরিয়ালে।
‘রাঙিয়ে দিয়ে যাও’ সিরিয়ালটি একেবারেই দর্শক টানতে পারেনি। তাই মাত্র বছরখানেক চলার পরই এর গল্প শেষ করে দেয় জি বাংলা কর্তৃপক্ষ। তবে এই সিরিয়ালের ‘বাবলু’ চরিত্রটিকে পছন্দ করেছে দর্শক।

‘রাঙিয়ে দিয়ে যাও’ শেষ হওয়ার পর জিতু কমল দুজন পরিচালকের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। তাঁদের একজন রাজ চক্রবর্তী আর অন্যজন সন্দীপ চৌধুরী। রাজ চক্রবর্তীর ছবির নাম ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’। ছবিতে জিতু কমল ফরেস্ট রেঞ্জার, চরিত্রের নাম সুজয় বোস। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মানালি। জোজো যেখানে অ্যাডভেঞ্চারে যাবে, সেখানেই কাজ করছে সুজয় বোস। একসময় জোজোর অ্যাডভেঞ্চারের সঙ্গে জড়িয়ে যায় সুজয় আর তাঁর স্ত্রী। সম্প্রতি অরুণাচলের পাহাড়ি এলাকায় ছবিটির শুটিং হয়েছে।
‘অ্যাডভেঞ্চারস অব জোজো’ ছবিতে ‘জোজো’ চরিত্রে অভিনয় করছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যশোজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ছবি দিয়েই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে তার।