কে এই বিদেশিনী!

অর্জুন রামপাল ও নাতাশা স্টেনকোভিক
অর্জুন রামপাল ও নাতাশা স্টেনকোভিক

অর্জুন রামপাল ও মেহেরের ২০ বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গেছে। তাঁদের দীর্ঘ এই সম্পর্ক ভাঙার পেছনে আছেন তৃতীয় ব্যক্তি। আর তা নিয়ে বিটাউনে প্রচুর জল্পনা-কল্পনা হয়েছে। অনেকেই ধরে নেন, এর মূলে আছেন বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান। সুজানের সঙ্গে অর্জুনের সম্পর্কের কথা আগেও আলোচিত হয়েছিল। তখন শোনা গিয়েছিল, হৃতিক-সুজানের সম্পর্ক শেষ হওয়ার পেছনে ছিলেন অর্জুন। তবে অর্জুন নাকি মেহেরকে কথা দিয়েছিলেন, নিজের মেয়েদের মুখের দিকে তাকিয়ে তিনি সুজানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। অর্জুন তাঁর কথা রেখেছেন। তবে সুজানের পরিবর্তে এই বলিউড তারকার জীবনে এসেছেন এক ভিনদেশি নারী। তাঁর নাম নাতাশা স্টেনকোভিক। সার্বিয়ার নাগরিক। তিনি মডেল, নৃত্যশিল্পী; চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘ড্যাডি’ ছবির শুটিংয়ের সময় নাকি তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও অর্জুন কখনো এ ব্যাপারে কিছু বলেননি।

বলিউডের এই জনপ্রিয় দম্পতির সম্পর্ক ভাঙার পেছনে তৃতীয় নারীর অস্তিত্বের কথা বারবার অস্বীকার করেন অর্জুন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, তাঁদের একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই এই ডিভোর্স। অর্জুনের জীবনে অন্য কোনো নারী নেই বলে তখন দাবি করেন। কিন্তু এবার পর্দা ফাঁস হয়ে গেছে। আর সেই রহস্যময়ী নারী এখন প্রকাশ্যে এসে গেছেন। বিদেশি মডেল তথা ফ্যাশন ডিজাইনার গেব্রিয়েলা দিমাত্রায়াদিসের সঙ্গে অর্জুনকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এর আগে অর্জুনের এই প্রেমিকা নিজেকে একাধিকবার সংবাদমাধ্যম থেকে লুকিয়েছেন। কিন্তু এবার অর্জুনের এই প্রেমিকা পাপারাজ্জিদের ক্যামেরার সামনে নিজেকে লুকানোরও চেষ্টা করেননি।

জানা গেছে, গত সপ্তাহে গভীর রাতে বান্দ্রার এক কফিশপ থেকে বের হওয়ার সময় তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দী করা হয়। আগেও অর্জুন-গেব্রিয়েলাকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু তাঁরা ক্যামেরা থেকে নিজেদের দূরে রাখেন। তাঁরা দুজনই এখন বান্দ্রায় থাকেন। গত মাসে অর্জুন গেব্রিয়েলার বাসায় অনুষ্ঠিত এক পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

শোনা গেছে, অর্জুন আর গেব্রিয়েলার প্রথম দেখা হয় ২০০৯ সালে। অর্জুন আর মেহেরের প্রতিষ্ঠান আইপিএল ম্যাচের পর পার্টির আয়োজন করার দায়িত্ব পায়। এই পার্টিতে অর্জুনের সঙ্গে গেব্রিয়েলার পরিচয়। এরপর ধীরে ধীরে তাঁদের অন্তরঙ্গতা বাড়ে। জানা গেছে, এই অন্তরঙ্গতাই মেহেরকে অর্জুনের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মডেলিংয়ের পাশাপাশি দক্ষিণের ছবিতেও কাজ করেছেন গেব্রিয়েলা।

স্বামীর সঙ্গে সুজানের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর অর্জুনকে নিয়ে মেহের নিরাপত্তাহীনতায় ভুগেছেন। মেহের জানতে পেরেছিলেন, অর্জুন ও সুজান চুপিচুপি দেখা করেন। কিন্তু দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে মেহের চুপ করে ছিলেন। তবে একসময় এই সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়। তাই অর্জুন এবং মেহের ডিভোর্সের পথ বেছে নেন।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ‘পল্টন’ ছবিটি। জেপি দত্ত পরিচালিত এই ছবিতে অর্জুন ছাড়া আরও আছেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, জ্যাকি শ্রফ। অর্জুনের ব্যক্তিগত জীবন ধীরে ধীরে স্বাভাবিক হলেও পেশাগত জীবন এখনো টালমাটাল। দেখা যাক, ‘পল্টন’ তাঁর ভাগ্য কতটা ফেরাতে পারে।