কী হয়েছে আনুশকার?

আনুশকা শর্মার নতুন ছবি ‘সুই ধাগা’ মুক্তি পাচ্ছে ২৮ সেপ্টেম্বর। কিন্তু এর আগে জানা গেল, ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকা। চিকিৎসকদের মতে, তাঁর এই সমস্যার নাম ‘বালজিং ডিস্ক’। সমস্যাটি ‘স্লিপ ডিস্ক’ নামেও পরিচিত। স্নায়ুর সমস্যা। এর ফলে পিঠের নিচের অংশের পেশিতে টান ধরে। খুব ব্যথা হয়। অত্যধিক ব্যস্ততার কারণে এই সমস্যা হয়। এই সমস্যা হওয়ায় দুর্বল হয়ে পড়ছেন তিনি। চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এই সমস্যা নিয়ে আনুশকা শর্মা নিজে কিংবা তাঁর পরিবার থেকে কেউ এখনো কোনো মন্তব্য করেননি। আর চিকিৎসকদের পরামর্শ মেনে বিছানায় শুয়ে থাকার সময় নেই এই নায়িকার। কারণ, মাত্র ১৬ দিন পর মুক্তি পাচ্ছে তাঁর ছবি। এই ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। ছুটতে হচ্ছে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে চিকিৎসকদের দেওয়া ওষুধ খাচ্ছেন নিয়মিত।
জানা গেছে, একজন নয়, একাধিক চিকিৎসকের কাছ থেকে মত নিয়েছেন আনুশকা শর্মা। তাঁদের সবার মতে, নিয়মিত ওষুধ সেবন, ব্যায়াম, বিশ্রাম আর মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

যশরাজ ফিল্মসের ‘সুই ধাগা’ ছবির পরিচালক শরৎ কাতারিয়া। ছবির নায়ক বরুণ ধাওয়ান। আরও আছেন রঘুবীর যাদব। সংগীত পরিচালনা করেছেন অনু মালিক।
২০১৩ সালে আনুশকা শর্মা ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান৷ ২০১৭ সালের ১১ ডিসেম্বর তাঁরা ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।