'গানবাজ'-এ মৌসুমী ভৌমিক

প্রথম আলো অনলাইনে ‘গানবাজ’ অনুষ্ঠানে এবার গান করবেন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও গীতিকার মৌসুমী ভৌমিক। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি যে–কেউ নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। শোনা যাবে এবিসি রেডিওতে, পরদিন শুক্রবার বিকেল চারটায়।
আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।
মৌসুমী ভৌমিকের গাওয়া ‘যশোর রোড’, বাংলাদেশের মানুষের সঙ্গে তাঁর এক আত্মিক সম্পর্ক গড়ে তোলে। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অ্যালেন গিনসবার্গের এ বিখ্যাত কবিতার বঙ্গানুবাদ তাঁর কণ্ঠে যেন মুক্তিযুদ্ধের এক সমার্থক শব্দ হয়ে ওঠে।
‘আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ’—মৌসুমী ভৌমিকের এই গান যেন প্রতিটি মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। ২০০০ সালে তাঁর ‘এখনো গল্প লেখো’ অ্যালবামে ‘স্বপ্ন দেখব বলে’ শিরোনামে এই গান প্রচার করা হয়। তিনি এই গানের একই সঙ্গে গীতিকার ও সুরকার। এ ছাড়া তাঁর ‘আমি ঘর বাহির করি’ অ্যালবামটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে সব বাংলাভাষী মানুষের মধ্যে।
মৌসুমীর জন্ম জলপাইগুড়িতে আর বেড়ে ওঠা উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের শিলংয়ে। বাবা ও মায়ের পূর্বপুরুষদের বাড়ি ছিল পাবনা আর বরিশালে। কিন্তু দেশভাগের আগেই তাঁদের পরিবার চাকরিসূত্রে ভারতে থিতু হয়।