কোয়েন্টিন ট্যারেন্টিনো বিয়ে করেছেন

কোয়েন্টিন ট্যারেন্টিনো ও ড্যানিয়েলা পিক
কোয়েন্টিন ট্যারেন্টিনো ও ড্যানিয়েলা পিক

বিয়ে করেছেন অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোব, পাম দ’রসহ অসংখ্য পুরস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো। পিপল জানিয়েছে, গত বুধবার লস অ্যাঞ্জেলেসে ছোট এক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের পপ তারকা ও মডেল ড্যানিয়েলা পিককে তিনি বিয়ে করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন অতিথি। তাঁদের মধ্যে ছিলেন হলিউড তারকা হার্ভে কেইটেল ও টিম রথ এবং সাংবাদিক এলি রথ। ৫৫ বছর বয়সের কোয়েন্টিন ট্যারেন্টিনোর এটাই প্রথম বিয়ে।

বিয়ের পোশাকে কোয়েন্টিন ট্যারেন্টিনো ও ড্যানিয়েলা পিক
বিয়ের পোশাকে কোয়েন্টিন ট্যারেন্টিনো ও ড্যানিয়েলা পিক

কোয়েন্টিন ট্যারেন্টিনো আর ড্যানিয়েলা পিকের প্রথম দেখা হয় ২০০৯ সালে। ওই সময় কোয়েন্টিন ট্যারেন্টিনো তাঁর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ ছবির প্রচারণার জন্য ইসরায়েলে গিয়েছিলেন। এরপর গত বছর জুন মাসে তাঁদের বাগদান হয়। এ উপলক্ষে যে পার্টির আয়োজন করা হয়েছিল, সেখানে এসেছিলেন হলিউড তারকা ব্রুস উইলিস ও স্যামুয়েল এল জ্যাকসন। তবে নিজের বিয়ে উপলক্ষে একটি বড়সড় পার্টির পরিকল্পনা করছেন কোয়েন্টিন ট্যারেন্টিনো।

বিয়ের পর কোয়েন্টিন ট্যারেন্টিনো ও ড্যানিয়েলা পিক
বিয়ের পর কোয়েন্টিন ট্যারেন্টিনো ও ড্যানিয়েলা পিক

এর আগে মার্কিন অভিনেত্রী উমা থারম্যানের সঙ্গে অনেক দিন প্রেম করেছেন কোয়েন্টিন ট্যারেন্টিনো। তাঁদের বন্ধুত্ব অনেক পুরোনো। সেই বন্ধুত্ব পরে প্রেমে রূপ নেয়। বেভারলি হিলসে এক নৈশভোজের ফাঁকে তাঁদের একে অপরকে চুম্বন করতে দেখা যায়। এর আগে কান উৎসবে দুজন একসঙ্গে পাশাপাশি হাত ধরে ঘুরেছেন। কোয়েন্টিন ট্যারেন্টিনোর পরিচালনায় ‘পাল্প ফিকশন’-এ অভিনয় করে খ্যাতি পান উমা থারম্যান। এরপর তাঁরা ‘কিল বিল’ সিরিজেও কাজ করেছেন।

কোয়েন্টিন ট্যারেন্টিনো নতুন ছবি ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। ম্যানসন মার্ডারকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অভিনয় করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর ব্র্যাড পিট। ২০১৯ সালের ২৬ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।