অন্য জগতে জ্যাডেন স্মিথ

‘ওমনিভার্স’ টিভি সিরিজে কানইয়ে ওয়েস্টের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন জ্যাডেন স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘ওমনিভার্স’ টিভি সিরিজে কানইয়ে ওয়েস্টের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন জ্যাডেন স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘ওমনিভার্স’, যুক্তরাষ্ট্রের নতুন টিভি সিরিজের নাম। শিগগিরই ছোট পর্দায় দর্শক দেখতে পাবেন তাঁদের প্রিয় কারাতে কিড জ্যাডেন স্মিথকে। কানইয়ে ওয়েস্টের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন তিনি। এই সিরিজের প্রতি আধা ঘণ্টার পর্ব দেখে দর্শক প্যারালাল পৃথিবী সম্বন্ধে আরও স্পষ্ট ধারণা পাবেন।

সাধারণত বড় বড় হলিউড তারকার ক্ষেত্রেও দেখা যায়, তাঁরা বড় পর্দায় পা রেখেছেন ছোট পর্দা থেকে। অর্থাৎ টেলিভিশন থেকে এসেছেন চলচ্চিত্রে। কিন্তু জ্যাডেন স্মিথের ঘটনা উল্টো। তিনি বড় পর্দায় নিজের অভিনয় প্রতিভা দিয়ে ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছেন। এবার ছোট পর্দায় দর্শকদের মন জয় করার পালা।

কানইয়ে ওয়েস্ট একজন মার্কিন র‍্যাপার, প্রযোজক, গীতিকার ও সংগীতশিল্পী। তিনি এই সিরিজের একজন প্রযোজক। এর মাধ্যমে প্রযোজক হিসেবে ছোট পর্দায় নাম লেখালেন তিনি।

‘ওমনিভার্স’ সিরিজের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন লি সাং জিন। ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সমান্তরালে চলা বিকল্প এক পৃথিবীকে উপস্থাপনের সুযোগ পাওয়ায় আমি গর্বিত ও উত্তেজিত। ওমনিভার্স এই পৃথিবীতে নেই। এমনকি কানইয়ে ওয়েস্টও এই পৃথিবীর কেউ না।’

জানালেন, এই টিভি সিরিজ ভিন্ন জগতের ভিন্ন বাস্তবতার কথা বলবে। দর্শক একেবারে নতুন এবং ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে।